যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে বিদ্যুতের একটি খুঁটির চূড়ায় উঠে আটকে পড়া একটি কালো ভালুকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে ভাইরাল হওয়া সেই ঘটনার পরিণতি ছিল মর্মান্তিক। উদ্ধার অভিযান শুরু হওয়ার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারায় প্রাণীটি। ঘটনাটি ঘটে গত ২০ জুলাই নিউ মেক্সিকোর গ্ল্যাডস্টোন এলাকায়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়ে। […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে বিদ্যুতের একটি খুঁটির চূড়ায় উঠে আটকে পড়া একটি কালো ভালুকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে ভাইরাল হওয়া সেই ঘটনার পরিণতি ছিল মর্মান্তিক। উদ্ধার অভিযান শুরু হওয়ার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারায় প্রাণীটি।
ঘটনাটি ঘটে গত ২০ জুলাই নিউ মেক্সিকোর গ্ল্যাডস্টোন এলাকায়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়ে। এমনকি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব দ্য ইন্টেরিয়রও ভিডিওটি শেয়ার করে রসিকতার ছলে লিখেছিল, “আমরা আমেরিকার জ্বালানি উৎপাদন নিয়ে উৎসাহকে স্বাগত জানাই, তবে আমরা এটি বোঝাতে চাইনি।”
ভিডিওতে দেখা যায়, বড় আকারের একটি কালো ভালুক বিদ্যুতের খুঁটির ওপরের ক্রসআর্ম শক্ত করে ধরে আছে। সামনের দুই পা দিয়ে খুঁটি আঁকড়ে থাকলেও পেছনের দুই পা নিচের দিকে ঝুলছিল। প্রাণীটিকে স্পষ্টতই ক্লান্ত ও আতঙ্কিত অবস্থায় দেখা যায়।
ভিডিও ধারণকারী শ্যারন মুলেন্স সংবাদমাধ্যম স্টোরিফুলকে জানান, তিনি নিউ মেক্সিকোর রেড রিভার থেকে ওকলাহোমার পথে হাইওয়ে-৫৬ দিয়ে যাওয়ার সময় দূর থেকে বিদ্যুতের খুঁটির ওপরে অস্বাভাবিক কিছু দেখতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন প্রাণীটি হয়তো মারা গেছে। পরে কাছে গিয়ে বুঝতে পারেন, ভালুকটি তখনও জীবিত ছিল।
ভিডিওতে ৯১১ নম্বরে করা একটি জরুরি ফোনকলও শোনা যায়। ফোনকারী খুঁটির ওপরে আটকে থাকা ভালুকের বিষয়টি জানালে জরুরি সেবা কেন্দ্র থেকে জানানো হয়, সংশ্লিষ্ট বন্যপ্রাণী কর্তৃপক্ষকে ইতোমধ্যে খবর দেওয়া হয়েছে। তবে খুঁটির ওপরে থাকা অবস্থায় অজ্ঞান করার চেষ্টা করলে নিচে পড়ে প্রাণীটির মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।
পরে নিউ মেক্সিকো ডিপার্টমেন্ট অব গেম অ্যান্ড ফিশ নিশ্চিত করে, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ভালুকটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনা খুবই বিরল হলেও একেবারে নজিরবিহীন নয়। মানুষ, যানবাহন বা কুকুরের ভয়ে আতঙ্কিত হয়ে অনেক সময় বিশেষ করে অল্পবয়সী ভালুক গাছ ভেবে বিদ্যুতের খুঁটিতে উঠে পড়ে। কিন্তু ওপরে উঠে নিরাপদে নিচে নামতে না পেরে তারা বিপজ্জনক পরিস্থিতিতে আটকে যায়।
এর আগে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যেও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। তবে সে সময় বিদ্যুতের খুঁটিতে আটকে পড়া একটি ভালুককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছিল বন্যপ্রাণী উদ্ধারকারী দল।
সূত্র: নিউ ইয়র্ক পোস্ট, স্টোরিফুল, নিউ মেক্সিকো ডিপার্টমেন্ট অব গেম অ্যান্ড ফিশ