ইউক্রেন যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ থামানোর কোনো ইঙ্গিত দিচ্ছেন না। বরং যুদ্ধ আরও তীব্র হতে পারে এবং ন্যাটোর সঙ্গে রাশিয়ার সরাসরি সংঘাতের ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে বলেছেন, সামরিক […]
ছবি: সংগৃহীত
ইউক্রেন যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ থামানোর কোনো ইঙ্গিত দিচ্ছেন না। বরং যুদ্ধ আরও তীব্র হতে পারে এবং ন্যাটোর সঙ্গে রাশিয়ার সরাসরি সংঘাতের ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।
শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে বলেছেন, সামরিক চাপ সৃষ্টি করে রাশিয়াকে কোনো শান্তি চুক্তিতে বাধ্য করা সম্ভব নয়। তার দাবি, ইউক্রেনের হামলার জবাবে রুশ বাহিনী আরও এলাকা দখল করে একটি বিস্তৃত নিরাপত্তা বলয় গড়ে তুলবে।
সামরিক বিশ্লেষকদের মতে, পুতিন ন্যাটোভুক্ত বাল্টিক রাষ্ট্র কিংবা রোমানিয়ার কোনো সামরিক স্থাপনায় সীমিত হামলার মাধ্যমে পশ্চিমা জোটের মধ্যে বিভক্তি তৈরির চেষ্টা করতে পারেন। এমন পদক্ষেপ বাস্তবায়িত হলে ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষের আশঙ্কা আরও বেড়ে যেতে পারে।
চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ২০ লাখ সেনা হতাহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে প্রায় ১৪ লাখ রুশ সেনা হতাহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। এত বড় ক্ষয়ক্ষতির পরও ইউক্রেনের ডনবাস অঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়াকে পুতিন মর্যাদার বিষয় হিসেবে দেখছেন বলে বিশ্লেষকদের ধারণা।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি উদ্যোগেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। ক্রেমলিন-ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, পুতিন বরং সামরিক অভিযান আরও জোরদারের প্রস্তুতি নিচ্ছেন।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সম্প্রতি ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার কয়েকটি তেল শোধনাগার ও বন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুতিনের অবস্থান আরও কঠোর হয়েছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, জ্বালানি স্থাপনায় হামলা চালিয়ে রাশিয়াকে নতি স্বীকার করানো যাবে না এবং ইউক্রেনকে কোনো ধরনের ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।
অন্যদিকে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদনের লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন।
ট্রাম্প জানান, এই উদ্যোগের ফলে ইউক্রেন নিজস্ব সক্ষমতায় প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদনের সুযোগ পাবে। তবে নিরাপত্তাজনিত কারণে এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেনের পরিবর্তে জার্মানি বা অন্য কোনো ইউরোপীয় দেশে উৎপাদনের বিষয়টি বিবেচনায় রয়েছে।