মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং হরমুজ প্রণালিকে ঘিরে জ্বালানি অনিশ্চয়তার মধ্যে চীন সফরে গেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ জোরদারের প্রেক্ষাপটে তার এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকেরা। মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বেইজিং পৌঁছানোর পর ল্যাভরভকে রাষ্ট্রীয় মর্যাদায় লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। সফরকালে ইরান পরিস্থিতি, জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে […]
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং হরমুজ প্রণালিকে ঘিরে জ্বালানি অনিশ্চয়তার মধ্যে চীন সফরে গেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ জোরদারের প্রেক্ষাপটে তার এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।
মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বেইজিং পৌঁছানোর পর ল্যাভরভকে রাষ্ট্রীয় মর্যাদায় লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। সফরকালে ইরান পরিস্থিতি, জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে চীন-রাশিয়ার উচ্চপর্যায়ের আলোচনা হওয়ার কথা রয়েছে।
চীন ও রাশিয়া—উভয় দেশই ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থানের সমালোচনা করে আসছে। বিশেষ করে হরমুজ প্রণালির অনিশ্চয়তায় সবচেয়ে বেশি চাপে পড়েছে চীনের জ্বালানি সরবরাহ ব্যবস্থা, কারণ দেশটির আমদানিকৃত তেলের বড় একটি অংশ এই পথ দিয়েই আসে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পথের নিরাপত্তা ও স্বাভাবিক নৌচলাচল নিশ্চিত করা বৈশ্বিক অর্থনীতির স্বার্থে জরুরি।
এর আগে সোমবার টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন ল্যাভরভ। সেখানে তিনি মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত এড়ানোর ওপর জোর দেন এবং সংকট সমাধানে মস্কোর কূটনৈতিক সহায়তার আশ্বাস দেন।
রাশিয়ার অবস্থান হলো, বর্তমান সংকটের কোনো সামরিক সমাধান নেই; আলোচনার টেবিলই একমাত্র কার্যকর পথ।
ওয়াশিংটনের বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কৌশল হচ্ছে অর্থনৈতিক চাপ বাড়িয়ে তেহরানকে নতুন করে আলোচনায় ফিরিয়ে আনা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, চীন যদি ইরানকে সামরিক সহায়তা দেয়, তবে চীনা পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। যদিও বেইজিং এসব অভিযোগ সরাসরি নাকচ করেছে।
এই উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে চীন একই সময়ে একাধিক দেশের নেতাদের সঙ্গে বৈঠক করছে। মঙ্গলবার প্রেসিডেন্ট শি জিনপিং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি ভিয়েতনামের প্রেসিডেন্টেরও চার দিনের সফরে চীন যাওয়ার কথা রয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য সংকটের এই মুহূর্তে বেইজিংয়ে কূটনৈতিক তৎপরতা বাড়া বিশ্ব জ্বালানি বাজার ও ভূরাজনীতির জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে।