ইরানের সঙ্গে নতুন করে শুরু হওয়া তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেই দেশটির তেলসমৃদ্ধ খার্গ দ্বীপ দখলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ‘আজ রাতেই খুব কঠোর হামলা হবে।’ বৃহস্পতিবার (১১ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার মতো একইভাবে খার্গ দ্বীপসহ […]
ইরানের সঙ্গে নতুন করে শুরু হওয়া তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেই দেশটির তেলসমৃদ্ধ খার্গ দ্বীপ দখলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ‘আজ রাতেই খুব কঠোর হামলা হবে।’
বৃহস্পতিবার (১১ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার মতো একইভাবে খার্গ দ্বীপসহ ইরানের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলেছেন ট্রাম্প। খার্গ দ্বীপে ইরানের অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ প্রক্রিয়াজাত করা হয়। ফলে এটি দেশটির অর্থনীতির অন্যতম প্রধান আয়ের উৎস।
তবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বীপটি গভীর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছে। সেখানে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, নৌ-মাইন এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর ব্যাপক উপস্থিতি রয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, এমন একটি দ্বীপ দখল করতে হাজার হাজার মার্কিন সেনা প্রয়োজন হতে পারে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতার বড় অংশ ধ্বংস করে দিয়েছে।
তিনি লেখেন, “যুক্তরাষ্ট্র আজ রাতে ইরানের ওপর খুব কঠিন আঘাত হানবে। তাদের নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার, বিমান বিধ্বংসী ব্যবস্থা এবং অন্যান্য প্রতিরক্ষা সক্ষমতার বড় অংশ ধ্বংস হয়ে গেছে। এমনকি তাদের অধিকাংশ আক্রমণাত্মক সক্ষমতাও আর অবশিষ্ট নেই।”
একই পোস্টে ট্রাম্প আরও বলেন, “অদূর ভবিষ্যতে কোনো এক সময় আমরা খার্গ দ্বীপ এবং অন্যান্য তেল অবকাঠামো স্থাপনার নিয়ন্ত্রণ নেব। ভেনেজুয়েলার মতো তাদের তেল ও গ্যাস বাজারের ওপরও পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করব। এটি ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্র—উভয়ের জন্যই ইতিবাচক ফল দিয়েছে।”
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার পর মঙ্গলবার প্রতিশোধমূলক পদক্ষেপ নেয় ওয়াশিংটন। এরপর গত রাতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে দ্বিতীয় দফা মার্কিন হামলার পর ট্রাম্পের এই নতুন হুমকি সামনে এলো।
পর্যবেক্ষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে এবং অঞ্চলজুড়ে নতুন নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করতে পারে।
সূত্র: ডেইলি মেইল