ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ বাড়াতে নতুন নিষেধাজ্ঞা বিল পাসের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। ‘দ্য লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট অব ২০২৬’ নামের এই বিলটি পাস হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও দেশটির বাণিজ্যিক অংশীদারদের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন। দ্য গার্ডিয়ানের বরাতে এ তথ্য জানানো হয়েছে। […]
ছবি: সংগৃহীত
ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ বাড়াতে নতুন নিষেধাজ্ঞা বিল পাসের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। ‘দ্য লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট অব ২০২৬’ নামের এই বিলটি পাস হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও দেশটির বাণিজ্যিক অংশীদারদের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন। দ্য গার্ডিয়ানের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
বিলটির অন্যতম লক্ষ্য রাশিয়ার জ্বালানি খাত, সামরিক সক্ষমতা এবং অবৈধভাবে তেল পরিবহণকারী গোপন জাহাজগুলোর ওপর চাপ বাড়ানো। একই সঙ্গে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনা ও দেশটির সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর ওপরও পরোক্ষ নিষেধাজ্ঞা বা অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব রাখা হয়েছে।
প্রস্তাবিত তালিকায় রয়েছে ভারত, চীন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, আজারবাইজান, হাঙ্গেরি, কাজাখস্তান, কিরগিজস্তান, সিঙ্গাপুর ও স্লোভাকিয়া।
প্রস্তাবিত আইনটি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে। ইউক্রেনের সমর্থক হিসেবে পরিচিত অনেক ডেমোক্র্যাট সদস্যও বিলটির বিরোধিতা করছেন।
তাদের যুক্তি, প্রেসিডেন্টকে অতিরিক্ত শুল্ক আরোপের ব্যাপক ক্ষমতা দেওয়া হলে তা ঝুঁকি তৈরি করতে পারে। এতে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বাড়ার পাশাপাশি দেশটির মিত্রদের সঙ্গে সম্পর্কেও প্রভাব পড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিলটি দ্রুত আইনে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, রাশিয়ার অর্থনীতির ওপর আরও চাপ তৈরি করতে শক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
চলতি সপ্তাহেই মার্কিন প্রতিনিধি পরিষদে বিলটির ওপর চূড়ান্ত ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।