যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যে রিপাবলিকানদের প্রস্তাবিত বিতর্কিত কংগ্রেসনাল নির্বাচনী মানচিত্র বাতিল করেছে একটি ফেডারেল আদালত। আদালতের মতে, এই মানচিত্র কৃষ্ণাঙ্গ ভোটারদের রাজনৈতিক প্রভাব কমিয়ে দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। মঙ্গলবার দেওয়া রায়ে তিন বিচারকের বেঞ্চ জানায়, প্রস্তাবিত মানচিত্রটি অ্যালাবামার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর ভোটাধিকার দুর্বল করার “ইচ্ছাকৃত প্রচেষ্টা”র অংশ। ফলে স্টেইট কর্তৃপক্ষ আপাতত এই মানচিত্র ব্যবহার করতে পারবে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যে রিপাবলিকানদের প্রস্তাবিত বিতর্কিত কংগ্রেসনাল নির্বাচনী মানচিত্র বাতিল করেছে একটি ফেডারেল আদালত। আদালতের মতে, এই মানচিত্র কৃষ্ণাঙ্গ ভোটারদের রাজনৈতিক প্রভাব কমিয়ে দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।
মঙ্গলবার দেওয়া রায়ে তিন বিচারকের বেঞ্চ জানায়, প্রস্তাবিত মানচিত্রটি অ্যালাবামার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর ভোটাধিকার দুর্বল করার “ইচ্ছাকৃত প্রচেষ্টা”র অংশ। ফলে স্টেইট কর্তৃপক্ষ আপাতত এই মানচিত্র ব্যবহার করতে পারবে না।
আদালত পূর্ববর্তী নির্বাচনে ব্যবহৃত মানচিত্র বহাল রাখার নির্দেশ দিয়েছে। সেই মানচিত্র অনুযায়ী অ্যালাবামা থেকে কংগ্রেসে পাঁচজন শ্বেতাঙ্গ রিপাবলিকান এবং দুইজন কৃষ্ণাঙ্গ ডেমোক্র্যাট নির্বাচিত হয়েছিলেন।
তবে আদালত রিপাবলিকান নিয়ন্ত্রিত অঙ্গরাজ্য আইনসভাকে নতুন করে মানচিত্র তৈরির সুযোগও দিয়েছে। ফলে দলটি আবারও নিজেদের রাজনৈতিক সুবিধা ধরে রাখতে নতুন সীমারেখা প্রস্তাব করতে পারে। একই সঙ্গে এই রায়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আপিলের পথও খোলা রয়েছে।
দীর্ঘদিন ধরেই অ্যালাবামায় রিপাবলিকানরা কংগ্রেসনাল আসনে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণের চেষ্টা করে আসছে। সমালোচকদের অভিযোগ, এসব উদ্যোগের মাধ্যমে কৃষ্ণাঙ্গ ভোটারদের প্রভাব কমানোর চেষ্টা করা হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ভোটাধিকার আইন বা Voting Rights Act-এর কিছু ধারা সীমিত করার পর রিপাবলিকানরা নতুন মানচিত্র অনুমোদনের উদ্যোগ নেয়। কিন্তু বিষয়টি আদালতে চ্যালেঞ্জ হলে শেষ পর্যন্ত ফেডারেল বিচারকরা সেই পরিকল্পনা স্থগিত করে দেন।
বিশ্লেষকদের মতে, অ্যালাবামার এই মামলা এখন পুরো যুক্তরাষ্ট্রে জেরিম্যান্ডারিং বা রাজনৈতিক সুবিধার জন্য নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ বিতর্কে গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে।