লাখ লাখ মানুষের অংশগ্রহণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা পূর্ণ ধর্মীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক জানাজা নামাজে ইমামতি করেন। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শুরু হয় এবং ৩টা ৫ মিনিটে শেষ হয়। জানাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান […]
ছবি: সংগৃহীত
লাখ লাখ মানুষের অংশগ্রহণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা পূর্ণ ধর্মীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক জানাজা নামাজে ইমামতি করেন।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শুরু হয় এবং ৩টা ৫ মিনিটে শেষ হয়। জানাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন দেশের প্রতিনিধি ও রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানাজায় অংশ নেন।
জানাজাস্থলে উপস্থিত হয়ে তারেক রহমান সবার কাছে মায়ের জন্য দোয়া কামনা করেন। তিনি বলেন, কারও কাছে তার মায়ের কোনো ঋণ বা দায় থাকলে তার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান এবং মায়ের আচরণ বা কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করেন।
জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের এলাকা—বিজয় সরণি, খামারবাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ ও মোহাম্মদপুর পর্যন্ত জনসমুদ্রে পরিণত হয়। বিপুলসংখ্যক মানুষ যে যেখানে পেরেছেন, সেখান থেকেই জানাজায় অংশ নেন।
এর আগে বুধবার সকাল ৮টা ৫৪ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ বের করা হয়। প্রথমে তার গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও পরে মরদেহটি তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য ও বিএনপির নেতাকর্মীরা শেষবারের মতো শ্রদ্ধা জানান। বেলা ১১টা ৫ মিনিটের দিকে সেখান থেকে মরদেহটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে নেওয়া হয়।
কঠোর নিরাপত্তার মধ্যে সেনাবাহিনীর মানববন্ধনী প্রটোকলে জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজার ভ্যানে করে মরদেহ বহন করা হয়। জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
বেগম খালেদা জিয়ার জানাজায় শ্রদ্ধা জানাতে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধিরাও ঢাকায় উপস্থিত ছিলেন।