সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১২:৩৫ অপরাহ্ন, ১৫ জুন ২০২৬

সংসদে ৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস

জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫৬ হাজার ১১৭ কোটি ৫৯ লাখ ৪১ হাজার টাকার সম্পূরক বাজেট পাস হয়েছে। সোমবার (১৫ জুন) নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০২৬ পাসের মাধ্যমে এই বাজেটের অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি সংসদে উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে পাস হয়। এর আগে গত ১১ জুন তিনি জাতীয় বাজেটের সঙ্গে […]

সংসদে ৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫৬ হাজার ১১৭ কোটি ৫৯ লাখ ৪১ হাজার টাকার সম্পূরক বাজেট পাস হয়েছে। সোমবার (১৫ জুন) নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০২৬ পাসের মাধ্যমে এই বাজেটের অনুমোদন দেওয়া হয়।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি সংসদে উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে পাস হয়। এর আগে গত ১১ জুন তিনি জাতীয় বাজেটের সঙ্গে সম্পূরক বাজেট সংসদে উপস্থাপন করেছিলেন।

চলতি অর্থবছরে ৬২টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য মূল বাজেটের আকার ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। সংশোধিত হিসাবে বিভিন্ন খাতে ব্যয় হ্রাস ও বৃদ্ধির ফলে বাজেটের আকার দাঁড়িয়েছে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা।

সম্পূরক বাজেটে ২৭টি মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, যার মোট পরিমাণ ৫৬ হাজার ১১৭ কোটি ৫৯ লাখ টাকা। অন্যদিকে ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ কমানো হয়েছে ৫৯ হাজার ৩৪৮ কোটি ৬৭ লাখ টাকা।

বিল পাসের আগে সংসদের কার্যপ্রণালি অনুযায়ী ২৫টি মঞ্জুরি দাবি সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উত্থাপন করেন। পরে সেগুলো পৃথকভাবে পাস হয়। এসব দাবির ওপর বিরোধী দলের ২০ জন সদস্য মোট ৩০৪টি ছাঁটাই প্রস্তাব আনেন।

ছাঁটাই প্রস্তাবগুলোর মধ্যে অর্থ বিভাগ, পরিকল্পনা বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনের মঞ্জুরি দাবির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, আব্দুল গফুর, কামরুল হাসান, নাজিবুর রহমান, জিএম নজরুল ইসলাম, আব্দুল আলীম, মুজিবুর রহমান, আলফারুক আব্দুল লতীফ, আমির হামজা, আব্দুল বারী সরদার, মাসুদ পারভেজ, রুহুল আমিন ও শেখ মনজুরুল হক রাহাদ। এছাড়া এনসিপির আখতার হোসেন, খেলাফত মজলিশের আবুল হাসান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাও আলোচনায় অংশ নেন।

তবে আলোচনা শেষে কণ্ঠভোটে সব ছাঁটাই প্রস্তাব নাকচ হয়ে যায়।

সম্পূরক বাজেটে সর্বোচ্চ বরাদ্দ বৃদ্ধি পেয়েছে অর্থ বিভাগে, যার পরিমাণ ২৮ হাজার ৬৫৫ কোটি ৫৪ লাখ ৫ হাজার টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ বৃদ্ধি পেয়েছে পরিকল্পনা বিভাগে ১২ হাজার ৪০৭ কোটি ৮৩ লাখ ৮৮ হাজার টাকা। তৃতীয় অবস্থানে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, যেখানে অতিরিক্ত ৪ হাজার ৯২৩ কোটি ৪৮ লাখ ৫৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ে ২ হাজার ১৭৭ কোটি ৪ লাখ ৮১ হাজার টাকা, স্থানীয় সরকার বিভাগে ১ হাজার ৮০৯ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকা এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগে ১ হাজার ৬৯০ কোটি ৮১ লাখ ৭৯ হাজার টাকা অতিরিক্ত ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

অন্য গুরুত্বপূর্ণ খাতগুলোর মধ্যে নির্বাচন কমিশনের জন্য ১ হাজার ৩৮৯ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জন্য ৭২২ কোটি ৪৬ লাখ ১৫ হাজার টাকা, খাদ্য মন্ত্রণালয়ের জন্য ৬৮৩ কোটি ৯১ লাখ ৩ হাজার টাকা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ২৯৩ কোটি ৩৫ লাখ ৫৯ হাজার টাকা বরাদ্দ অনুমোদিত হয়েছে।

এ ছাড়া জাতীয় সংসদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ধর্ম মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, জননিরাপত্তা বিভাগ, ভূমি মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন খাতে অতিরিক্ত ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

সম্পূরক বাজেটের ওপর সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সংশোধিত ব্যয়ের প্রয়োজনীয়তা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত অর্থ চাহিদা বিবেচনায় এনে এই সম্পূরক বাজেট প্রণয়ন করা হয়েছে। নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০২৬ পাসের মধ্য দিয়ে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের আনুষ্ঠানিক অনুমোদন সম্পন্ন হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ