সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটিকে চাঁদা বলা যায় না। তবে কাউকে বাধ্য করে টাকা আদায় করা হলে সেটাই প্রকৃত অর্থে চাঁদা। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সড়কে পরিবহন খাতে […]
ছবি: সংগৃহীত
সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটিকে চাঁদা বলা যায় না। তবে কাউকে বাধ্য করে টাকা আদায় করা হলে সেটাই প্রকৃত অর্থে চাঁদা।
বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সড়কে পরিবহন খাতে যে অর্থ আদায়কে অনেক সময় চাঁদা বলা হয়, বাস্তবে তা সব ক্ষেত্রে চাঁদা নয়। পরিবহন মালিক ও শ্রমিকদের বিভিন্ন সংগঠন রয়েছে, যারা তাদের সদস্যদের কল্যাণে নির্দিষ্ট হারে অর্থ সংগ্রহ করে থাকে। এটি এক ধরনের অলিখিত নিয়মে পরিণত হয়েছে। যদিও এই অর্থ কতটা সঠিকভাবে ব্যয় হয়, তা নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে তা সাধারণত সমঝোতার ভিত্তিতেই সংগ্রহ করা হয়।
তিনি আরও বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন সমঝোতার মাধ্যমেই এই অর্থ সংগ্রহ করে থাকে। এ ক্ষেত্রে অনেক সময় রাজনৈতিক প্রভাবও কাজ করে। যে দল ক্ষমতায় থাকে, তাদের শ্রমিক সংগঠনের আধিপত্য দেখা যায়। কিন্তু যতক্ষণ পর্যন্ত এটি জোরপূর্বক আদায় না করা হচ্ছে, ততক্ষণ একে চাঁদা হিসেবে দেখার সুযোগ নেই।
যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনস্থ এলাকায় বাইরে থেকে কেউ চাপ প্রয়োগ করে চাঁদা আদায় করতে পারবে না বলেও জানান মন্ত্রী। তবে মালিকদের মধ্যে সমঝোতার ভিত্তিতে অর্থ সংগ্রহ হলে, সেখানে কেউ বঞ্চিত হচ্ছে কি না বা অর্থের অপব্যবহার হচ্ছে কি না—সে বিষয়ে খোঁজখবর নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।
সড়কে যানজট প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, মহাসড়কের ওপর অনেক স্থানে বাজার বসে যাওয়ায় যানজটের সৃষ্টি হচ্ছে। এসব এলাকাকে শৃঙ্খলার আওতায় আনতে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
আসন্ন ঈদযাত্রা নিয়ে তিনি বলেন, ছুটি কম হলে বাড়ি ফেরার চাপ সামলানো কঠিন হয়ে পড়ে। আগেরবার ছুটি বেশি থাকায় যাত্রীদের ভোগান্তি তুলনামূলক কম ছিল। এবারও সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিকল্পনা করা হচ্ছে, যাতে ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমানো যায়।