মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগে এখনো ব্যাপক আলোচনা ও দরকষাকষি চলছে। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হলে ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে। ইরান গ্রহণযোগ্য কোনো চুক্তিতে পৌঁছাবে কি না—এ প্রশ্নে ভ্যান্স জানান, প্রেসিডেন্ট ট্রাম্প […]
ছবি: সংগৃহীত
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগে এখনো ব্যাপক আলোচনা ও দরকষাকষি চলছে।
তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হলে ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে।
ইরান গ্রহণযোগ্য কোনো চুক্তিতে পৌঁছাবে কি না—এ প্রশ্নে ভ্যান্স জানান, প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমান সময় থেকে প্রায় ১২ ঘণ্টা পরের একটি সময়সীমা বেঁধে দিয়েছেন। সেই সময় অতিক্রম হলেই পরিস্থিতি আরও পরিষ্কার হবে।
তবে এর মধ্যেই গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনা চলবে বলেও তিনি উল্লেখ করেন এবং একটি ইতিবাচক সমাধান আসবে বলে আশা প্রকাশ করেন।
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন জেডি ভ্যান্স। একই সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বলেন, আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। তিনি এমন পরিস্থিতি চান না, তবে সেটি ঘটতে পারে বলেও ইঙ্গিত দেন।
এর আগেও ট্রাম্প ইরানকে ধ্বংস করে ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। তিনি দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে হামলার কথাও বলেছিলেন এবং এ ধরনের হামলায় সম্ভাব্য যুদ্ধাপরাধের আশঙ্কা সরাসরি নাকচ করেছিলেন।
ট্রাম্পের দেওয়া আলটিমেটাম অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টায়, অর্থাৎ বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় চূড়ান্ত সময়সীমা শেষ হচ্ছে।
এই সময়সীমা শেষ হওয়ার আগেই ইরানের বিভিন্ন রেলসেতু, সড়কসেতু ও অন্যান্য বেসামরিক অবকাঠামোয় হামলা শুরুর খবর পাওয়া গেছে।
সূত্র: আল জাজিরা