সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৪:৪৯ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

সমালোচনা করেন, সমস্যা নেই: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সমালোচনা করতেই পারেন, এতে তার কোনো আপত্তি নেই। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বলেন, সীমিত বিশ্রাম নিয়ে দিন-রাত পরিশ্রম করলেও তিনি জানেন, তবুও অনেকের সমালোচনা করতে ভালো লাগবে। সমালোচনা করলেও সমস্যা নেই, তবে তার আগে কী কী কাজ […]

সমালোচনা করেন, সমস্যা নেই: আসিফ নজরুল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সমালোচনা করতেই পারেন, এতে তার কোনো আপত্তি নেই। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বলেন, সীমিত বিশ্রাম নিয়ে দিন-রাত পরিশ্রম করলেও তিনি জানেন, তবুও অনেকের সমালোচনা করতে ভালো লাগবে। সমালোচনা করলেও সমস্যা নেই, তবে তার আগে কী কী কাজ করা হয়েছে, তা জেনে নেওয়ার অনুরোধ জানান তিনি।

পোস্টে আসিফ নজরুল লেখেন, দেড় বছরে তাকে নিয়ে নানা ধরনের মন্তব্য শুনতে হয়েছে—কেউ বলেছে তিনি কিছুই করেননি, কেউ বলেছে তিনি অপদার্থ। এসব মন্তব্যের জবাবে তিনি বলেন, আসলে তিনি একা কিছু করেননি, করেছে পুরো আইন মন্ত্রণালয়ের টিম। তবে প্রতিটি কাজে তিনি অংশীদার ছিলেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেছেন, বহু শুক্রবার ও শনিবার সচিবালয়ে অফিস করেছেন। টিমওয়ার্কে কোনো ফাঁকি ছিল না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি লেখেন, এরপরও কেউ কেউ সমালোচনা করতে চাইলে করতে পারেন। তবে তার অনুরোধ, সমালোচনার আগে কাজগুলোর তালিকা দেখে নেওয়া হোক।

পোস্টে তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের গত দেড় বছরের কার্যক্রমের একটি বিস্তারিত বিবরণ তুলে ধরেন। সেখানে তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে মন্ত্রণালয় পাঁচটি প্রধান ক্ষেত্রে কাজ করেছে—আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও ডিজিটালাইজেশন, হয়রানিমূলক মামলা প্রত্যাহার, গণহত্যার বিচার ব্যবস্থাপনায় সহায়তা এবং দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি।

আইনি সংস্কার

তিনি জানান, এই সময়ে ২২টি গুরুত্বপূর্ণ আইনি সংস্কার সম্পন্ন হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে স্বতন্ত্র জুডিশিয়াল কাউন্সিল গঠন, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা, বাণিজ্যিক আদালত গঠন, জাতীয় মানবাধিকার কমিশন পুনর্গঠন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন প্রণয়ন, জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ জারি, দেওয়ানি ও ফৌজদারি আইনে যুগোপযোগী সংশোধন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংস্কার, গণপ্রতিনিধিত্ব আদেশে প্রবাসী ভোটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবর্তন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়ন, পাওয়ার অব অ্যাটর্নি ও বিবাহ নিবন্ধন বিধিমালায় সংশোধন উল্লেখযোগ্য।

প্রাতিষ্ঠানিক সংস্কার ও ডিজিটালাইজেশন

এই খাতে ১৫টি বড় সংস্কার বাস্তবায়ন করা হয়েছে বলে জানান তিনি। এর মধ্যে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করতে নতুন বিধিমালা প্রণয়ন, আদালতে তথ্য ও সেবা কেন্দ্র স্থাপন, কেন্দ্রীয়ভাবে আদালতের কর্মচারী নিয়োগ ব্যবস্থা চালু, দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম জোরদার, প্রসিকিউশন মনিটরিং সেল গঠন, বিচার কার্যক্রম ডিজিটালাইজেশন, ই-ফ্যামিলি কোর্ট চালু, অনলাইন বেইলবন্ড ব্যবস্থা, আইন মন্ত্রণালয়ের শতভাগ অনলাইন সেবা, জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তর প্রতিষ্ঠা এবং দেওয়ানি ও ফৌজদারি আদালত পৃথকীকরণ উল্লেখযোগ্য।

তিনি জানান, এই সময়ে রেকর্ডসংখ্যক ১ হাজার ৬০৫টি নতুন আদালত সৃষ্টি করা হয়েছে এবং নিবন্ধন অধিদপ্তরের ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

হয়রানিমূলক মামলা প্রত্যাহার

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন, জেলা পর্যায়ের কমিটির সুপারিশের ভিত্তিতে ২৩ হাজার ৮৬৬টি মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সাইবার আইনের অধীনে দায়ের করা ৪১০টি বক্তব্য-সংক্রান্ত মামলা এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দায়ের করা প্রায় সব মামলাই প্রত্যাহার করা হয়েছে। এতে কয়েক লক্ষ মানুষ হয়রানি থেকে মুক্তি পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।

গণহত্যার বিচার ব্যবস্থাপনায় সহায়তা

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক ও প্রসিকিউটর নিয়োগ, আইন সংশোধন, লজিস্টিক সহায়তা এবং বিচার কার্যক্রম তদারকিতে আইন মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানান আসিফ নজরুল। তিনি বলেন, এ পর্যন্ত চারটি মামলার রায় হয়েছে এবং আরও অন্তত ছয়টি মামলা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

দৈনন্দিন কার্যক্রম

মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজে গতিশীলতা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, গত দেড় বছরে মন্ত্রীপর্যায়ে নিষ্পত্তিকৃত নথির সংখ্যা ২ হাজার ২৮১টি, যেখানে আগের সরকারের একই সময়ে ছিল ১ হাজার ২৩৫টি। এছাড়া বিভিন্ন দপ্তরে ৫৭৮টি বিষয়ে আইনি মতামত দেওয়া হয়েছে, যা আগের তুলনায় প্রায় তিন গুণ।

তিনি আরও জানান, এ সময়ে রেকর্ডসংখ্যক প্রায় সাড়ে পাঁচ হাজার আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টে নতুন বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় সচিবালয় সহায়তা দিয়েছে।

পোস্টের শেষ অংশে আসিফ নজরুল লেখেন, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে কী কাজ হয়েছে, তার বিস্তারিত হিসেবও তিনি পরবর্তীতে তুলে ধরবেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ