বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে। অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে হ্যাকাররা। একই সঙ্গে অ্যাকাউন্টটি ব্যবহার করে ক্রিকেটার, বোর্ডের কর্মকর্তা এবং ক্রিকেটসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে সন্দেহজনক লিংক পাঠানো হচ্ছে। এ পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিসিবি। রোববার রাতে অ্যাকাউন্টটিতে প্রথম দফায় অননুমোদিত প্রবেশের চেষ্টা চালানো হয়। এরপর একাধিকবার […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে। অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে হ্যাকাররা। একই সঙ্গে অ্যাকাউন্টটি ব্যবহার করে ক্রিকেটার, বোর্ডের কর্মকর্তা এবং ক্রিকেটসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে সন্দেহজনক লিংক পাঠানো হচ্ছে। এ পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিসিবি।
রোববার রাতে অ্যাকাউন্টটিতে প্রথম দফায় অননুমোদিত প্রবেশের চেষ্টা চালানো হয়। এরপর একাধিকবার একই ধরনের চেষ্টা হয়েছে বলে জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক জরুরি সতর্কবার্তায় বিসিবি এ তথ্য জানায়। বোর্ডের ভাষ্য অনুযায়ী, হ্যাকাররা অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করার পাশাপাশি সেটি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সন্দেহজনক বার্তা পাঠাচ্ছে। এসব বার্তার লক্ষ্যবস্তু হচ্ছেন ক্রিকেটার, বিসিবির কর্মকর্তা এবং ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
বিসিবি জানিয়েছে, পাঠানো বার্তাগুলোর সঙ্গে অবৈধ ক্রিপ্টোকারেন্সি ও বেটিং ওয়েবসাইটের লিংক যুক্ত করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন ধরনের ফিশিং লিংকও পাঠানো হচ্ছে। এসব লিংকের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড ও অ্যাকাউন্টে প্রবেশের গোপন তথ্য হাতিয়ে নেওয়ার আশঙ্কা রয়েছে।
এ ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে বিসিবি। অ্যাকাউন্টটি পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত সেখান থেকে আসা কোনো লিংকে ক্লিক না করার অনুরোধ জানিয়েছে বোর্ড।
সতর্কবার্তায় বিসিবি বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পাওয়া কোনো লিংকে ক্লিক, ওপেন কিংবা যুক্ত হওয়া যাবে না। এ ধরনের বার্তা উপেক্ষা করার পাশাপাশি সন্দেহজনক লিংকের মাধ্যমে কোনো ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড বা লগইনসংক্রান্ত গোপন তথ্য শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
একই সঙ্গে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার এবং এর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বোর্ড। অ্যাকাউন্টটি পুরোপুরি সুরক্ষিত হওয়ার পর এ বিষয়ে পরবর্তী তথ্য জানানো হবে।
তবে হ্যাকাররা এখন পর্যন্ত অ্যাকাউন্টটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পেরেছে কি না, কিংবা কতজনের কাছে সন্দেহজনক বার্তা পাঠানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি বিসিবি। অ্যাকাউন্ট পুনরুদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ক্রিকেটসংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।