বাংলাদেশ ও ভারতের সীমান্তে হত্যা, হামলা এবং অবৈধ অনুপ্রবেশের ঘটনা শূন্যে নামিয়ে আনতে যৌথ উদ্যোগ জোরদারে সম্মত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। একই সঙ্গে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পুশ-ইনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিজিবি। ভারতের নয়াদিল্লিতে ৮ থেকে ১১ জুন অনুষ্ঠিত ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে এ বিষয়ে আলোচনা হয়। সম্মেলনে […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও ভারতের সীমান্তে হত্যা, হামলা এবং অবৈধ অনুপ্রবেশের ঘটনা শূন্যে নামিয়ে আনতে যৌথ উদ্যোগ জোরদারে সম্মত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। একই সঙ্গে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পুশ-ইনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিজিবি।
ভারতের নয়াদিল্লিতে ৮ থেকে ১১ জুন অনুষ্ঠিত ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে এ বিষয়ে আলোচনা হয়। সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল এবং বিএসএফ মহাপরিচালক প্রবীন কুমারের নেতৃত্বে ১২ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশ নেয়।
সম্মেলনে সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকদের গুলিতে নিরস্ত্র বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিজিবি মহাপরিচালক। তিনি সীমান্ত হত্যা সম্পূর্ণভাবে বন্ধ করতে জবাবদিহিতা ও কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় উভয় পক্ষ মত দেয় যে, প্রচলিত আইন অনুসরণ, মানবিক দৃষ্টিভঙ্গি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সীমান্ত হত্যা ও সহিংসতা বন্ধ করা সম্ভব। এ লক্ষ্যে সীমান্ত নিরাপত্তা জোরদার, যৌথ টহল বৃদ্ধি এবং দায়ীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণে দুই বাহিনী একমত হয়েছে।
সম্প্রতি রোহিঙ্গাসহ বিভিন্ন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের ঘটনায় তীব্র আপত্তি জানায় বিজিবি। মহাপরিচালক বলেন, এ ধরনের কার্যক্রম বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি ও প্রটোকলের পরিপন্থী। তিনি স্পষ্ট করেন, জাতীয়তা যাচাইয়ের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের গ্রহণ করা হলেও অবৈধ পুশ-ইন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
জবাবে বিএসএফ মহাপরিচালক জাতীয়তা যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান এবং দ্বিপাক্ষিক প্রটোকল মেনে চলার প্রতিশ্রুতি দেন।
সম্মেলনে আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে বিএসএফের অননুমোদিত অবকাঠামো নির্মাণ নিয়েও আপত্তি তোলে বিজিবি। বাংলাদেশ পক্ষ জানায়, বিভিন্ন স্থানে আন্তর্জাতিক নিয়ম অনুসরণ না করে সীমান্ত বেড়া ও অবকাঠামো নির্মাণের চেষ্টা করা হয়েছে, যা ভবিষ্যতে উত্তেজনার কারণ হতে পারে।
এ ছাড়া সীমান্ত নিরাপত্তা, মাদক ও স্বর্ণ চোরাচালান, মানবপাচার, রোহিঙ্গা সংকট, সীমান্তবর্তী নদীর পানি ব্যবহার, তীর সংরক্ষণ এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
উভয় বাহিনী পারস্পরিক আস্থা, সম্মান ও সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রেখে সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
আগামী নভেম্বর মাসে ঢাকায় বিজিবি-বিএসএফের পরবর্তী মহাপরিচালক পর্যায়ের সম্মেলন আয়োজনের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে দুই পক্ষ।