বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে গঠিত পৃথক ‘সুপ্রিম কোর্ট সচিবালয়’ বিলুপ্ত করেছে সরকার। একইসঙ্গে সচিবালয়ের অধীনে কর্মরত সিনিয়র সচিবসহ ১৫ কর্মকর্তাকে আবারও আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) আইন ও বিচার বিভাগ রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। সরকার জানিয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর […]
ছবি: সংগৃহীত
বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে গঠিত পৃথক ‘সুপ্রিম কোর্ট সচিবালয়’ বিলুপ্ত করেছে সরকার। একইসঙ্গে সচিবালয়ের অধীনে কর্মরত সিনিয়র সচিবসহ ১৫ কর্মকর্তাকে আবারও আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) আইন ও বিচার বিভাগ রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। সরকার জানিয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম আলাদা কাঠামোয় পরিচালনার জন্য একটি অধ্যাদেশের মাধ্যমে ‘সুপ্রিম কোর্ট সচিবালয়’ গঠন করা হয়েছিল। তবে পরবর্তীতে সেটিকে স্থায়ী আইনে রূপ দেওয়া হয়নি।
সংবিধানের ২২ অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক রাখার কথা উল্লেখ থাকলেও দীর্ঘ সময় তা বাস্তবায়িত হয়নি। ১৯৯৪ সালে বিচারকদের বেতন ও মর্যাদা নিয়ে অসন্তোষের জেরে বিচারপতি মাসদার হোসেনসহ ৪৪১ বিচারক হাইকোর্টে রিট করেন।
পরে ১৯৯৭ সালে হাইকোর্ট জুডিশিয়াল সার্ভিসকে আলাদা সার্ভিস হিসেবে স্বীকৃতি দেন। আপিল বিভাগের ১৯৯৯ সালের ঐতিহাসিক রায়ে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়। সেখানে নিম্ন আদালতের প্রশাসনিক নিয়ন্ত্রণ ও বাজেট ব্যবস্থাপনায় সুপ্রিম কোর্টের কর্তৃত্বের বিষয়ও উল্লেখ ছিল।
২০০৭ সালের ১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক ঘোষণা করা হলেও বাস্তবে বিভিন্ন প্রশাসনিক বিষয়ে আইন মন্ত্রণালয়ের প্রভাব থেকেই যায়।
২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার প্রশ্নে পৃথক সচিবালয়ের প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে তুলে ধরেন। পরে বিচার বিভাগ সংস্কার কমিশনও এ ধরনের সচিবালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছিল।
এর ধারাবাহিকতায় গত বছরের ৩০ নভেম্বর পৃথক সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ জারি হয়। তবে বর্তমান সরকার সেটিকে আইন হিসেবে অনুমোদন না দিয়ে শেষ পর্যন্ত সচিবালয়টিই বাতিলের সিদ্ধান্ত নিল।