বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও ছয়জন জ্যেষ্ঠ কর্মকর্তার দায়িত্বে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর দপ্তর থেকে জারি করা আদেশে এই পরিবর্তন কার্যকর হয় বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। এর আগে গত ২২ ফেব্রুয়ারি একই ধরনের আদেশে আরও ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছিল। সর্বশেষ রদবদলে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও ছয়জন জ্যেষ্ঠ কর্মকর্তার দায়িত্বে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর দপ্তর থেকে জারি করা আদেশে এই পরিবর্তন কার্যকর হয় বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। এর আগে গত ২২ ফেব্রুয়ারি একই ধরনের আদেশে আরও ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছিল।
সর্বশেষ রদবদলে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমান কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে পাঠানো হয়েছে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট পদে।
মেলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (মিস্ট)-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদকে নিয়োগ দেওয়া হয়েছে এ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) হিসেবে।
সেনা সদরের এ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামানকে বদলি করে মিস্ট-এর কমান্ড্যান্ট করা হয়েছে। এছাড়া ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. কামরুল হাসানকে ঢাকা সেনানিবাসের লজিস্টিক এরিয়ায় দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে ২২ ফেব্রুয়ারির রদবদলে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই আদেশে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয় এবং তার স্থলে দায়িত্ব নেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান।
এই ধারাবাহিক রদবদলকে সেনাবাহিনীর প্রশাসনিক পুনর্বিন্যাস ও নেতৃত্ব কাঠামো শক্তিশালী করার অংশ হিসেবে দেখা হচ্ছে।