ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় বিমানবন্দর দুটির কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় তিনজন সামান্য আহত হয়েছেন। সৌদি আরবের বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় জাজানের কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং নাজরান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালানো […]
ছবি: সংগৃহীত
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় বিমানবন্দর দুটির কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় তিনজন সামান্য আহত হয়েছেন।
সৌদি আরবের বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় জাজানের কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং নাজরান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জাকা) এক বিবৃতিতে জানায়, হামলার কারণে দুটি বিমানবন্দরের অবকাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় তিনজন সামান্য আহত হন। পরে জরুরি সেবাকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
হামলার পর জরুরি সেবা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাত্রী, বিমানবন্দরের কর্মী এবং সামগ্রিক বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ক্ষয়ক্ষতি মূল্যায়ন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে হামলার জন্য কোনো পক্ষকে সরাসরি দায়ী করেনি সৌদি আরবের সরকারি বিবৃতি।
এর আগে সোমবার হুথিরা জাজান ও নাজরানের বিভিন্ন সংবেদনশীল স্থাপনাসহ সৌদি আরবের একাধিক স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে। তাদের দাবি অনুযায়ী, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, আবহা বিমানবন্দর, রাবিঘে আরামকোর একটি শোধনাগার এবং কয়েকটি সামরিক স্থাপনাও হামলার লক্ষ্য ছিল।
সৌদি আরব বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় এ ধরনের হামলার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে হুথিদের বিরুদ্ধে সামরিক উত্তেজনা বাড়ানোর অভিযোগ করেছে দেশটি।
গত কয়েক দিন ধরে সৌদি আরব ও হুথিদের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, দেশটির দিকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন তারা প্রতিহত করেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি