সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৩৯ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬

সৌদি আরব থেকে এক সপ্তাহে ১০ হাজারের বেশি অভিবাসীকে ফেরত, কোন দেশের কতজন

শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহের বিশেষ অভিযানে ১০ হাজার ৪৩১ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সময়ে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে ১৩ হাজার ৮৮৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার (১১ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বিবৃতি অনুযায়ী, সংশ্লিষ্ট সরকারি […]

সৌদি আরব থেকে এক সপ্তাহে ১০ হাজারের বেশি অভিবাসীকে ফেরত, কোন দেশের কতজন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহের বিশেষ অভিযানে ১০ হাজার ৪৩১ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সময়ে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে ১৩ হাজার ৮৮৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

শনিবার (১১ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতি অনুযায়ী, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৭৮৫ জন আবাসন আইন বা ইকামা লঙ্ঘনকারী, ৩ হাজার ৭১০ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী এবং ৩ হাজার ৩৯৪ জন শ্রম আইন ভঙ্গকারী।

অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টায় আটক ১ হাজার ৩৮২ জন

অভিযান চলাকালে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৩৮২ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৬৬ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ৩৩ শতাংশ ইয়েমেনের নাগরিক এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

অন্যদিকে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরব ত্যাগের চেষ্টাকালে আরও ৩৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী।

বহিষ্কার ও আইনি প্রক্রিয়ায় ৩৩ হাজারের বেশি অভিবাসী

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে মোট ৩৩ হাজার ১১৩ জন অভিবাসীকে নিয়ে বহিষ্কার ও আইনি প্রক্রিয়া চলছে। তাঁদের মধ্যে ৩০ হাজার ৪৩৮ জন পুরুষ এবং ২ হাজার ৬৭৫ জন নারী।

এঁদের মধ্যে ১৮ হাজার ৯৪৭ জনকে ভ্রমণসংক্রান্ত নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া ৪ হাজার ৫৯৬ জনকে দেশে ফেরার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এক সপ্তাহে মোট ১০ হাজার ৪৩১ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

অবৈধ অভিবাসীদের সহায়তায় ১৫ বছরের কারাদণ্ডের বিধান

এদিকে, অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় ও কর্মসংস্থানের সুযোগ দেওয়ার অভিযোগে আরও ২১ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তা করা, পরিবহন সুবিধা দেওয়া কিংবা আশ্রয় দেওয়ার অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন ও বাসস্থান বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।

এ ধরনের কোনো অনিয়ম নজরে এলে জরুরি নম্বর ৯১১-এ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ