পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন বাংলাদেশি হাজি। এখন পর্যন্ত ১২৩টি ফিরতি ফ্লাইটে তারা দেশে পৌঁছেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে প্রকাশিত ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ফিরেছেন ২১ […]
ছবি: সংগৃহীত
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন বাংলাদেশি হাজি। এখন পর্যন্ত ১২৩টি ফিরতি ফ্লাইটে তারা দেশে পৌঁছেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে প্রকাশিত ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ফিরেছেন ২১ হাজার ৯২০ জন। সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে দেশে এসেছেন ১৮ হাজার ৮৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ফিরেছেন ৮ হাজার ৩৮০ জন হাজি। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করেছেন আরও ৩ হাজার ৩১১ জন।
এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে মোট ৪৯ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১৬ জন নারী।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মৃত হাজিদের মধ্যে ৩৫ জন মক্কায়, ১৩ জন মদিনায় এবং একজন জেদ্দায় মারা গেছেন।
অন্যদিকে সৌদি আরবে অবস্থানকালে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৪১০ জন বাংলাদেশি হাজি। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসাধীনদের মধ্যে সৌদি ন্যাশনাল হাসপাতালে ৯ জন, কিং আব্দুল আজিজ হাসপাতালে ১ জন, কিং ফয়সাল হাসপাতালে ১ জন, সৌদি জার্মান হাসপাতালে ১ জন, কেয়ার মেডিক্যালে ৩ জন, মক্কা মেডিক্যাল সেন্টারে ৪ জন, হেরা জেনারেল হাসপাতালে ২ জন, হায়াত ন্যাশনাল হাসপাতালে ১ জন এবং কিং ফাহাদ জেনারেল হাসপাতালে ২ জন ভর্তি রয়েছেন।
উল্লেখ্য, চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৭ লাখের বেশি মুসল্লি সৌদি আরবে সমবেত হন।
বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে যান।
হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট পরিচালিত হয় ২১ মে। পবিত্র হজ পালন শেষে গত ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের দেশে ফেরার কার্যক্রম চলমান রয়েছে এবং শেষ ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন পরিচালিত হবে।