কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে ঢাকাস্থ ইরান দূতাবাস। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়লেও ইরানের পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক অবস্থানের কথা জানানো হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে দূতাবাস জানায়, হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতে তারা প্রয়োজনীয় […]
ছবি: সংগৃহীত
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে ঢাকাস্থ ইরান দূতাবাস। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়লেও ইরানের পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক অবস্থানের কথা জানানো হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে দূতাবাস জানায়, হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতে তারা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে। একইসঙ্গে সাম্প্রতিক সংঘাত পরিস্থিতিতে প্রাণ হারানো বাংলাদেশি নাগরিকদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। ইরান তাদের পররাষ্ট্রনীতিতে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতি পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেছে।
সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর মধ্যে অনুষ্ঠিত বৈঠককে ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়েছে। দূতাবাস মনে করছে, এ ধরনের উচ্চপর্যায়ের সংলাপ দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থানের প্রশংসাও করা হয়েছে বিবৃতিতে। পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে জানানো শোকবার্তা এবং জাতীয় সংসদে গৃহীত শোকপ্রস্তাবকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে।
এছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে আজারবাইজান হয়ে ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রেও সহযোগিতা করেছে ইরান।
দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতার কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে তারা উদ্বিগ্ন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে।
তবে কিছু গণমাধ্যম সাক্ষাৎকারের আংশিক বা খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ইরান। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে বলে উল্লেখ করে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে।