ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। গত ৭ মার্চ রাতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাদের বনগাঁও সীমান্ত এলাকা থেকে আটক করে। গ্রেপ্তারের পর ভারতের একটি আদালত তাদের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এ অবস্থায় আসামিদের বাংলাদেশে ফিরিয়ে […]
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। গত ৭ মার্চ রাতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাদের বনগাঁও সীমান্ত এলাকা থেকে আটক করে।
গ্রেপ্তারের পর ভারতের একটি আদালত তাদের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এ অবস্থায় আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে কি না বা বাংলাদেশি কর্মকর্তাদের তাদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিবৃতিতে যা বলা হয়েছে, তার বাইরে নতুন কিছু বলার নেই।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, ডিজিএফআই প্রধান সম্প্রতি ভারতে গিয়েছিলেন। তবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। মুখপাত্র বলেন, তিনি রাইসিনা ডায়ালগ উপলক্ষে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে থাকতে পারেন।
এ সময় বাংলাদেশের জ্বালানি সরবরাহ প্রসঙ্গেও কথা বলেন রণধীর জয়সওয়াল। তিনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে অতিরিক্ত ডিজেল সরবরাহের জন্য বাংলাদেশ ভারতের কাছে অনুরোধ জানিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ ছাড়াও শ্রীলংকা ও মালদ্বীপ একই ধরনের অনুরোধ করেছে। ভারতের নিজস্ব প্রয়োজন ও শোধনাগারের সক্ষমতা বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জয়সওয়াল আরও জানান, নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে বাংলাদেশে দীর্ঘদিন ধরে ডিজেল সরবরাহ করা হচ্ছে। ২০১৭ সালে নুমালিগড় রিফাইনারি ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন–এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় সেই সরবরাহ এখনো অব্যাহত রয়েছে।