প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রিয় ওসমান হাদি, আমরা আজ তোমাকে বিদায় দিতে আসিনি। তুমি আমাদের বুকের ভেতর আছো। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন তুমি সব বাংলাদেশির হৃদয়ে বেঁচে থাকবে। আমরা আজ এখানে এসেছি তোমার কাছে দেওয়া ওয়াদা পূরণ করার অঙ্গীকার নিয়ে। শনিবার শহীদ শরিফ ওসমান হাদির জানাজা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে […]
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রিয় ওসমান হাদি, আমরা আজ তোমাকে বিদায় দিতে আসিনি। তুমি আমাদের বুকের ভেতর আছো। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন তুমি সব বাংলাদেশির হৃদয়ে বেঁচে থাকবে। আমরা আজ এখানে এসেছি তোমার কাছে দেওয়া ওয়াদা পূরণ করার অঙ্গীকার নিয়ে।
শনিবার শহীদ শরিফ ওসমান হাদির জানাজা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক ইউনূস এসব কথা বলেন।
তিনি বলেন, আজ লাখো মানুষ এখানে উপস্থিত হয়েছে। পথে পথে ঢেউয়ের মতো মানুষের স্রোত নেমে এসেছে। সারা দেশে কোটি কোটি মানুষ এই মুহূর্তের অপেক্ষায় রয়েছে। এমনকি বিদেশিরাও হাদির কথা জানতে চায়। প্রিয় হাদি, তুমি আমাদের বুকের গভীরে আছো—বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন তুমি সব মানুষের হৃদয়ে থাকবে।
প্রধান উপদেষ্টা বলেন, আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি—তুমি যে আদর্শ ও কথা রেখে গেছো, তা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। শুধু এই প্রজন্ম নয়, প্রজন্মের পর প্রজন্ম বাংলাদেশের মানুষ সেই ওয়াদা রক্ষা করবে। তোমার মানবপ্রেম, মানুষের সঙ্গে সহজ ও আন্তরিক সম্পর্ক এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আজ সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে।
ড. ইউনূস আরও বলেন, হাদি, তুমি আমাদের এমন এক মন্ত্র দিয়ে গেছো, যা চিরদিন আমাদের কানে প্রতিধ্বনিত হবে—‘বল বীর, চির উন্নত মম শির’। আমাদের মাথা কখনো নত হবে না। আমাদের প্রতিটি কাজে আমরা তা প্রমাণ করবো। তুমি দেখিয়ে গেছো কীভাবে নির্বাচনে অংশ নিতে হয়, কীভাবে প্রচারণা চালাতে হয়, কীভাবে মানুষের কাছে যেতে হয় কষ্ট না দিয়ে। আমরা সেই শিক্ষাই গ্রহণ করেছি এবং সেই পথেই এগোতে চাই।
শেষে তিনি বলেন, প্রিয় হাদি, তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে। ‘বল বীর, উন্নত মম শির’—এই মন্ত্র বুকে ধারণ করেই আমরা সামনে এগিয়ে যাবো। আজ সবার পক্ষ থেকে আমরা ওয়াদা করছি—তোমাকে আল্লাহর হাতে আমানত রেখে, তোমার আদর্শ স্মরণ করে জাতির অগ্রগতির পথে অবিচলভাবে এগিয়ে যাবো।