আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাতে পারেন দেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ১৬ ফেব্রুয়ারি এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র জানায়, পূর্ববর্তী সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংবিধান ও বিদ্যমান আইনি বিধান অনুযায়ী রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি হিসেবে […]
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাতে পারেন দেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ১৬ ফেব্রুয়ারি এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র জানায়, পূর্ববর্তী সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংবিধান ও বিদ্যমান আইনি বিধান অনুযায়ী রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি হিসেবে প্রধান বিচারপতি শপথবাক্য পাঠ করাতে পারেন। প্রধান উপদেষ্টার পরামর্শক্রমেই এই মনোনয়ন দেওয়া হবে।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেন, সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে— স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন। এ ক্ষেত্রে প্রধান উপদেষ্টার পরামর্শ গ্রহণ বাধ্যতামূলক।
ড. আসিফ নজরুল আরও জানান, যদি নির্ধারিত তিন দিনের মধ্যে শপথ গ্রহণ সম্পন্ন না হয়, তাহলে বিকল্প হিসেবে প্রধান নির্বাচন কমিশনারও সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারবেন— এমন বিধানও আইনে সংযুক্ত রয়েছে।
সবকিছু ঠিক থাকলে, ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।