দেশজুড়ে কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়ছে। ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১৭ জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের […]
ছবি: সংগৃহীত
দেশজুড়ে কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়ছে। ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১৭ জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে।
বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর–পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
বর্তমানে মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু এলাকায় এই শৈত্যপ্রবাহ সাময়িকভাবে প্রশমিত হলেও সামগ্রিকভাবে শীতের দাপট অব্যাহত থাকবে।
শুক্রবার থেকে রোববার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও সোমবার থেকে আবার তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে। শীতজনিত দুর্ভোগ এড়াতে বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।