দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নিরাপদ ও প্রযুক্তিনির্ভর সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। সোমবার এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বিআরটিএ। বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের গত ১১ […]
ছবি: সংগৃহীত
দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নিরাপদ ও প্রযুক্তিনির্ভর সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।
সোমবার এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বিআরটিএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের গত ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে দেশের সকল গণপরিবহনে জিপিএস ডিভাইস স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। গণপরিবহন ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে যানবাহনের চলাচল পর্যবেক্ষণ, নিরাপত্তা বৃদ্ধি এবং সড়ক ব্যবস্থাপনা আরও কার্যকর করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
বিআরটিএ জানিয়েছে, জিপিএস ডিভাইসের নির্ধারিত কারিগরি মান (স্পেসিফিকেশন) তাদের স্থানীয় কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া বিআরটিএর ওয়েবসাইটেও এ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী কোনো গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত রয়েছে কি না, তা যাচাইয়ের পরই নতুন রেজিস্ট্রেশন প্রদান এবং ফিটনেস সনদ নবায়ন করা হবে।
বিআরটিএ সংশ্লিষ্ট পরিবহন মালিক, অপারেটর এবং পরিবহন খাতের সকল অংশীজনকে নির্ধারিত সময়ের মধ্যে জিপিএস ডিভাইস সংযুক্ত করে তা সচল রাখার আহ্বান জানিয়েছে।
কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে গণপরিবহনের গতিবিধি পর্যবেক্ষণ সহজ হবে, দুর্ঘটনা প্রতিরোধে সহায়তা করবে এবং সামগ্রিকভাবে সড়ক পরিবহন ব্যবস্থার জবাবদিহিতা ও নিরাপত্তা আরও শক্তিশালী হবে।