যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি এখন ২৪ বিলিয়ন ডলারের জব্দকৃত ইরানি সম্পদ মুক্ত করার প্রশ্নে আটকে আছে। ইরানের শীর্ষ কর্মকর্তা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি বলেছেন, এই অচলাবস্থা দূর করার দায়িত্ব এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজায়ি জানান, অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষরের পরপরই ইরান প্রথম […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি এখন ২৪ বিলিয়ন ডলারের জব্দকৃত ইরানি সম্পদ মুক্ত করার প্রশ্নে আটকে আছে। ইরানের শীর্ষ কর্মকর্তা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি বলেছেন, এই অচলাবস্থা দূর করার দায়িত্ব এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজায়ি জানান, অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষরের পরপরই ইরান প্রথম ধাপে ১২ বিলিয়ন ডলার এবং পরে আরও ১২ বিলিয়ন ডলার ছাড় চায়। তার ভাষায়, এই অর্থ ইরানের নিজস্ব সম্পদ এবং তা মুক্ত করা হলে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।
রেজায়ি বলেন, “২৪ বিলিয়ন ডলার হলো ট্রাম্পের প্রতি ইরানের আস্থার পরীক্ষা। আমেরিকাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।”
তবে মার্কিন প্রশাসনের আশঙ্কা, এই পর্যায়ে অর্থ ছাড় করলে ইরানের ওপর থাকা গুরুত্বপূর্ণ চাপের একটি হাতিয়ার হারিয়ে যাবে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন এমন একটি চুক্তি চায়, যা ২০১৫ সালের পারমাণবিক চুক্তির তুলনায় আরও কঠোর হবে।
সাক্ষাৎকারে রেজায়ি যুদ্ধ পুনরায় শুরু হলে বড় ধরনের আঞ্চলিক সংঘাতেরও হুঁশিয়ারি দেন। তিনি দাবি করেন, নতুন করে সংঘাত শুরু হলে ইরান কেবল পারস্য উপসাগরেই সীমাবদ্ধ থাকবে না; যুদ্ধের বিস্তার ভারত মহাসাগর, বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর এবং ভূমধ্যসাগর পর্যন্ত গড়াতে পারে।
তিনি বলেন, “আমরা এখন পর্যন্ত যেসব মার্কিন ঘাঁটিতে হামলা করেছি, তার বাইরেও নতুন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারি।”
তবে একইসঙ্গে তিনি মন্তব্য করেন যে নতুন যুদ্ধ শুরুর সম্ভাবনা তুলনামূলকভাবে কম।
ট্রাম্প ও খামেনির সম্ভাব্য বৈঠকের প্রশ্নে রেজায়ি স্পষ্টভাবে বলেন, বর্তমান পরিস্থিতিতে এমন কোনো বৈঠকের সম্ভাবনা নেই। তার মতে, আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আলোচনার গতি মূলত ট্রাম্প প্রশাসনই থামিয়ে দিয়েছে।
হরমুজ প্রণালি নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন রেজায়ি। তিনি বলেন, ইরান ও ওমান যৌথভাবে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ পরিচালনা করবে। তবে জাহাজ চলাচলের জন্য আদায় করা অর্থকে তিনি ‘টোল’ নয়, বরং রক্ষণাবেক্ষণ ব্যয় হিসেবে উল্লেখ করেন।
রেজায়ি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায়, তাহলে বিশ্ব ইরানের প্রকৃত সামরিক সক্ষমতা দেখতে পাবে। তার মতে, ইরানের স্থলবাহিনীর শক্তি ক্ষেপণাস্ত্র সক্ষমতার চেয়েও অনেক বেশি।
তিনি সাম্প্রতিক সংঘাতকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করে বলেন, “ইতিহাসে এবারই প্রথম ইরান একটি যুদ্ধে বিজয়ী হিসেবে আবির্ভূত হয়েছে।”
সূত্র: সিএনএন।