ভারতের বিভিন্ন রাজ্যের বিলাসবহুল হোটেলে দীর্ঘদিন ধরে বিল না মিটিয়ে প্রতারণার অভিযোগে ৬৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম বিংসন জন। তিনি তামিলনাড়ুর বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ১৯৯০ সাল থেকে টানা কয়েক দশক ধরে তিনি ১০টিরও বেশি রাজ্যে ৩০০-এর বেশি পাঁচতারকা ও বিলাসবহুল হোটেলে একই ধরনের প্রতারণা চালিয়ে এসেছেন। রায়পুরের একটি হোটেলের অভিযোগের […]
ছবি: সংগৃহীত
ভারতের বিভিন্ন রাজ্যের বিলাসবহুল হোটেলে দীর্ঘদিন ধরে বিল না মিটিয়ে প্রতারণার অভিযোগে ৬৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম বিংসন জন। তিনি তামিলনাড়ুর বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ১৯৯০ সাল থেকে টানা কয়েক দশক ধরে তিনি ১০টিরও বেশি রাজ্যে ৩০০-এর বেশি পাঁচতারকা ও বিলাসবহুল হোটেলে একই ধরনের প্রতারণা চালিয়ে এসেছেন।
রায়পুরের একটি হোটেলের অভিযোগের ভিত্তিতে ওডিশার ভুবনেশ্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রায়পুর পুলিশের অ্যান্টি-ক্রাইম অ্যান্ড সাইবার ইউনিট এবং তেলিবান্ধা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
পুলিশের তদন্তে জানা গেছে, বিলাসবহুল হোটেলে ঢোকার সময় বিংসন জন নিজেকে কখনো বিদেশি ট্যুর গাইড, কখনো ইংরেজি শিক্ষক, আবার কখনো যোগব্যায়াম প্রশিক্ষক হিসেবে পরিচয় দিতেন। এভাবে হোটেল কর্মীদের আস্থা অর্জন করে তিনি অভিজাত কক্ষ বুক করতেন, বিলাসবহুল সেবা ভোগ করতেন এবং চেক-আউটের ঠিক আগে বিল না দিয়েই পালিয়ে যেতেন। কিছু ক্ষেত্রে হোটেলের মূল্যবান জিনিসপত্রও তিনি নিয়ে যেতেন বলে অভিযোগ রয়েছে।
সর্বশেষ ২৫ জুন তিনি ছত্তিশগড়ের রায়পুরে একটি বিলাসবহুল হোটেলে ওঠেন। ২৭ জুন সকালে চেক-আউট সম্পন্ন না করেই এবং ৬৩ হাজার ৭৫৫ রুপির বকেয়া বিল না মিটিয়ে তিনি সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগ। এছাড়া জরুরি কাজের অজুহাতে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে প্রায় দেড় লাখ রুপির একটি ল্যাপটপও তিনি নিয়ে যান। পরে সেটি উদ্ধার করা হয়েছে।
হোটেল কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(৪) ধারায় প্রতারণার মামলা করে তদন্ত শুরু করে। বারবার যোগাযোগের চেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রযুক্তিগত বিশ্লেষণ, নথিপত্র এবং মোবাইল নম্বরের সূত্র ধরে পুলিশ তাঁর অবস্থান শনাক্ত করে। শেষ পর্যন্ত ভুবনেশ্বরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে বিংসন জন জানিয়েছেন, তিনি চার্লস শোভরাজের জীবন ও কৌশল থেকে অনুপ্রাণিত হয়ে এই প্রতারণার পথ বেছে নিয়েছিলেন। পুলিশও বলছে, বিভিন্ন ভুয়া পরিচয় ব্যবহার করে তিনি শোভরাজের মতোই অভিজাত হোটেলগুলোকে টার্গেট করতেন।
পুলিশের দাবি, দীর্ঘ অপরাধজীবনে বিংসন জন একাধিকবার কারাবরণ করেছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, তিনি প্রায় ১৫ বছর তিহার জেলসহ ভারতের বিভিন্ন কারাগারে কাটিয়েছেন। তদন্তকারীরা মনে করছেন, কারাগারে থাকা অবস্থায়ই তিনি আরও নানা ধরনের প্রতারণার কৌশল রপ্ত করেন।
এ ধরনের ঘটনা ভারতে এটিই প্রথম নয়। সাম্প্রতিক বছরগুলোতেও বিলাসবহুল হোটেলে বিল না মিটিয়ে পালিয়ে যাওয়ার একাধিক হাই-প্রোফাইল মামলা সামনে এসেছে। তবে বিংসন জনের বিরুদ্ধে অভিযোগের ব্যাপ্তি এবং সময়কাল এবার বিশেষভাবে আলোচনায় এসেছে।
বর্তমানে রায়পুর পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে এবং ভারতের অন্যান্য রাজ্যে তাঁর বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কি না, তা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে।
সূত্র: ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া