দেশের বিভিন্ন অঞ্চলে একদিকে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে, অন্যদিকে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও দেখা যাচ্ছে—এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় […]
ছবি: সংগৃহীত
দেশের বিভিন্ন অঞ্চলে একদিকে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে, অন্যদিকে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও দেখা যাচ্ছে—এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় আবহাওয়ায় এ ধরনের বৈচিত্র্য দেখা দিচ্ছে। এর প্রভাবে দেশের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, প্রথম ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের বাকি অংশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে এবং কিছু এলাকায় আরও বিস্তার লাভ করতে পারে।
পরবর্তী দিনগুলোতেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে মাঝেমধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অনেক জায়গায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং তাপপ্রবাহও চলতে থাকবে।
শুক্রবারের দিকে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, যদিও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর শনিবার কিছু অঞ্চলে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। ফলে গরমের মধ্যেই স্বস্তির বৃষ্টির দেখা মিললেও তাপপ্রবাহ পুরোপুরি কাটার সম্ভাবনা আপাতত কম।