ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বাংলাদেশের বিজয় দিবসে ‘নগ্ন হস্তক্ষেপ’ এবং দিবসটিকে ‘কলুষিত’ করার অভিযোগ তুলে তারা মোদির কুশপুত্তলিকা দাহ করেন। এ সময় প্রধানমন্ত্রীর ছবি পদদলিত করা হয় এবং ছবিতে জুতার মালা পরিয়ে জুতা নিক্ষেপ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ‘আধিপত্যবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে […]
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বাংলাদেশের বিজয় দিবসে ‘নগ্ন হস্তক্ষেপ’ এবং দিবসটিকে ‘কলুষিত’ করার অভিযোগ তুলে তারা মোদির কুশপুত্তলিকা দাহ করেন। এ সময় প্রধানমন্ত্রীর ছবি পদদলিত করা হয় এবং ছবিতে জুতার মালা পরিয়ে জুতা নিক্ষেপ করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ‘আধিপত্যবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আহ্বায়ক রিয়াদুল ইসলাম যুবাহ বক্তব্যে বলেন, ভারতের বর্তমান নেতৃত্ব বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। তার ভাষ্য অনুযায়ী, দেশের জনগণ বহু ত্যাগের বিনিময়ে সেই সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছে।
তিনি আরও দাবি করেন, স্বাধীনতার পর থেকেই সীমান্তে হত্যা, লুটপাট ও নানা ধরনের সহিংসতা চালিয়ে যাওয়া হয়েছে এবং বাংলাদেশকে দুর্বল রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মোদি বিরোধী আন্দোলন দমনসহ বিভিন্ন ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগও তোলেন তিনি।
রিয়াদুল ইসলাম যুবাহ অভিযোগ করেন, ভারতের সঙ্গে সংশ্লিষ্ট কিছু দেশীয় গোষ্ঠী এসব কর্মকাণ্ডে সহযোগিতা করছে। তিনি আবরার ফাহাদ ও ফেলানীর হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক কয়েকটি ঘটনার উদাহরণ তুলে ধরে এসবের জন্য ‘ভারতীয় প্রক্সি বাহিনীকে’ দায়ী করেন।
ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও সমালোচনা করে তিনি বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বেড়েছে এবং তাদের ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলার ঘটনা ঘটছে।
বক্তব্য শেষে শিক্ষার্থীরা প্রতীকী প্রতিবাদ হিসেবে কুশপুত্তলিকা দাহ করেন এবং মোদির ছবির ওপর জুতা নিক্ষেপের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।