ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। এই নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন আজ সোমবার। নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সময় অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আজই মনোনয়নপত্র দাখিলের শেষ সুযোগ। […]
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। এই নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন আজ সোমবার। নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সময় অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আজই মনোনয়নপত্র দাখিলের শেষ সুযোগ। নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে গতকাল রবিবার দুপুর আড়াইটা পর্যন্ত সারাদেশে মোট ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এখন পর্যন্ত মাত্র ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষ দিনে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করছে কমিশন।
এর আগে গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। পরে ১৮ ডিসেম্বর তফসিল সংক্রান্ত একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করে ইসি। এতে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় দুই দিন কমানো এবং আপিল নিষ্পত্তির সময় দুই দিন বাড়ানো হয়।
ইসির প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংবিধানের ৬৫ অনুচ্ছেদের অধীনে জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী দেশের প্রতিটি নির্বাচনী এলাকা থেকে একজন করে সংসদ সদস্য নির্বাচনের জন্য ভোটারদের আহ্বান জানানো হচ্ছে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। বাছাই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।