তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করার লক্ষ্যে রাজধানীজুড়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের […]
ছবি: সংগৃহীত
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করার লক্ষ্যে রাজধানীজুড়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
জানাজা ও দাফন প্রক্রিয়া সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ ভবন এলাকায় একাধিক উচ্চপর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জানাজা ও দাফন অনুষ্ঠানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার জানাজায় ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জানাজায় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিদেশি কূটনীতিকরা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, সাবেক এই প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।