সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:৫৫ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫

কোন দলের কতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, জানালো ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২ হাজার ৫৬৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমার সংখ্যায় শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে ৩৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যাদের প্রার্থী সংখ্যা ২৭৬ জন। মনোনয়নপত্র জমার সময়সীমা শেষ […]

মনোনয়নপত্র

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২ হাজার ৫৬৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমার সংখ্যায় শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে ৩৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যাদের প্রার্থী সংখ্যা ২৭৬ জন।

মনোনয়নপত্র জমার সময়সীমা শেষ হওয়ার পরদিন মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

ইসির প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনে মোট ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৭৮ জন। বাকি প্রার্থীরা বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত।

দলভিত্তিক মনোনয়নপত্র জমা দেওয়ার হিসাবে দেখা যায়, বিএনপির পর সর্বোচ্চ প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী (২৭৬)। এরপর রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (২৬৮), জাতীয় পার্টি (২২৪), গণঅধিকার পরিষদ (১০৪), বাংলাদেশ খেলাফত মজলিস (৯৪), খেলাফত মজলিস (৬৮) এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি—সিপিবি (৬৫)।

এ ছাড়া আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৫৩ জন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৪৪ জন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ৪২ জন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদ ৪১ জন, জেএসডি ৩১ জন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ৩০ জন এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ২৭ জন প্রার্থী দিয়েছে।

কম সংখ্যক প্রার্থী দিয়েছে এমন দলগুলোর মধ্যে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (২৪), গণফোরাম (২৩), ন্যাশনাল পিপলস পার্টি (২৩), জনতার দল (২৩), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (২২), বাংলাদেশ সুপ্রিম পার্টি (২১), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (২০), বাংলাদেশ লেবার পার্টি (১৯) এবং বাংলাদেশ কংগ্রেস (১৮)।

এ ছাড়া আমজনতার দল ১৭ জন, বাংলাদেশ মুসলিম লীগ ১৪ জন, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ১৩ জন, বাংলাদেশ খেলাফত আন্দোলন ১১ জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট ৯ জন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি ৯ জন এবং এনডিএম ৮ জন প্রার্থী দিয়েছে।

সবচেয়ে কম প্রার্থী দিয়েছে বাংলাদেশ ন্যাপ (১), বাংলাদেশ সমঅধিকার পার্টি (১), বাংলাদেশ জাতীয়তাবাদী মটরশ্রমিক দল (১), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (২) এবং বাংলাদেশ জাতীয় পার্টি—বিজেপি (৩)।

ইসির তথ্যমতে, বর্তমানে কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না। এছাড়া নিবন্ধিত হলেও ভোটে অংশ নেয়নি আরও কয়েকটি দল, যার মধ্যে রয়েছে জাসদ, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, তৃণমূল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।

এদিকে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচিও প্রকাশ করেছে। ঘোষিত সূচি অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি, আর আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ