গত কয়েক দিন ধরে দেশের কিছু এলাকায় শীতের তীব্রতা কিছুটা কমলেও সন্ধ্যা ও ভোরের দিকে এখনো ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ […]
গত কয়েক দিন ধরে দেশের কিছু এলাকায় শীতের তীব্রতা কিছুটা কমলেও সন্ধ্যা ও ভোরের দিকে এখনো ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর–পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
এই অবস্থায় সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে নদী অববাহিকায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী কয়েক দিনে (পাঁচ দিনের মধ্যে) আবহাওয়ার সামগ্রিক চিত্রে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। শীতের তীব্রতা ধীরে ধীরে কমতে পারে, তবে ভোর ও রাতের দিকে কুয়াশা এবং হালকা শীত অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।