সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৫:১৭ অপরাহ্ন, ৩ ফেব্রুয়ারি ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে কূটনীতিকরা

সাধারণ দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হওয়ার আগেই ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের বিদেশি কূটনীতিকরা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুই ঘণ্টাব্যাপী এই সফরের শুরুতে কূটনীতিকরা শেখ হাসিনার শাসনামলে শহীদ হওয়া প্রায় চার হাজার মানুষের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কূটনীতিকদের জাদুঘরের গুরুত্বপূর্ণ অংশগুলো ঘুরিয়ে দেখান […]

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে কূটনীতিকরা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সাধারণ দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হওয়ার আগেই ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের বিদেশি কূটনীতিকরা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুই ঘণ্টাব্যাপী এই সফরের শুরুতে কূটনীতিকরা শেখ হাসিনার শাসনামলে শহীদ হওয়া প্রায় চার হাজার মানুষের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কূটনীতিকদের জাদুঘরের গুরুত্বপূর্ণ অংশগুলো ঘুরিয়ে দেখান এবং এর ধারণা, উদ্দেশ্য ও তাৎপর্য সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেন। তিনি বলেন, জুলাই জাদুঘর বিশ্বের অন্যান্য দেশের অনুরূপ প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা করে কাজ করবে। ফারুকী আরও বলেন, ‘এই জাদুঘরের মূল উদ্দেশ্য হলো—এ ধরনের দুঃশাসন যেন আর কোথাও পুনরাবৃত্তি না ঘটে, শুধু বাংলাদেশে নয়, বিশ্বের যেকোনো স্থানে।’

এ সময় উপস্থিত পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জাদুঘরকে শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে জনগণের সংগ্রামের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করে বলেন, ‘জাদুঘরটি জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিনের চূড়ান্ত পর্যায়কে তুলে ধরলেও, এর পেছনে বহু বছরের দুঃশাসনের চিত্রও উপস্থাপিত হয়েছে। ইতিহাসের প্রকৃত শিক্ষা হলো—এর পুনরাবৃত্তি যেন না ঘটে।’

জাদুঘরের প্রধান কিউরেটর তানজিম ওয়াহাব পরিদর্শনকারী কূটনীতিক ও অতিথিদের বিভিন্ন প্রদর্শনী, বৈশিষ্ট্য ও সংগ্রহ সম্পর্কে অবহিত করেন।

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার বলেন, ‘জুলাই জাদুঘর পরিদর্শন করে আমি খুবই আনন্দিত। এটি একদিকে অনুপ্রেরণাদায়ক, অন্যদিকে ইতিহাস বোঝার গুরুত্ব, গণঅভ্যুত্থানের প্রক্রিয়া এবং বাংলাদেশের ২০২৪ সালের গণঅভ্যুত্থানের উৎস সম্পর্কে এক শক্তিশালী স্মারক।’

অনুষ্ঠানে উপস্থিত কূটনীতিকদের মধ্যে ছিলেন আলজেরিয়া, আর্জেন্টিনা, ভুটান, ডেনমার্ক, মিসর, ফ্রান্স, ইরান, ইরাক, ইতালি, কসোভো, লিবিয়া, মরক্কো, নেপাল, নরওয়ে, পাকিস্তান, ফিলিস্তিন, রাশিয়া, সিঙ্গাপুর, স্পেন, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ব্রুনাইসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও চার্জ দ্য অ্যাফেয়ার্স। এছাড়া আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিমসটেক, সিরডাপ, এফএও, আইএফডিসি, আইওএম, ইউনেস্কো, ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, ইউএনওপিএসসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়া এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং সংস্কৃতি বিষয়ক সচিব মো. মফিদুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উচ্ছেদিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে রূপান্তর করে এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। জাদুঘরটি আগামী সপ্তাহে সফট ওপেনিংয়ের মাধ্যমে সীমিত পরিসরে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ