ব্যবহৃত মোবাইল ফোন হস্তান্তর বা বিক্রির আগে অবশ্যই সংশ্লিষ্ট হ্যান্ডসেটের নিবন্ধন বাতিল করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম পূর্ণাঙ্গভাবে কার্যকর হওয়ার পর এই নির্দেশনা দিয়েছে কমিশন। মঙ্গলবার বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোবাইল ফোন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে চলতি […]
ছবি: সংগৃহীত
ব্যবহৃত মোবাইল ফোন হস্তান্তর বা বিক্রির আগে অবশ্যই সংশ্লিষ্ট হ্যান্ডসেটের নিবন্ধন বাতিল করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম পূর্ণাঙ্গভাবে কার্যকর হওয়ার পর এই নির্দেশনা দিয়েছে কমিশন।
মঙ্গলবার বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোবাইল ফোন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এনইআইআর সিস্টেম সম্পূর্ণরূপে চালু করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনইআইআর চালুর ফলে বর্তমানে দেশের মোবাইল নেটওয়ার্কে সচল থাকা সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়েছে। এর মাধ্যমে অবৈধ, চোরাই ও অননুমোদিত মোবাইল ফোন ব্যবহারের বিরুদ্ধে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সম্ভব হবে।
বিটিআরসি আরও জানায়, নিজের নামে নিবন্ধিত কোনো মোবাইল ফোনে সিম পরিবর্তন করতে হলে অথবা ফোনটি অন্য কারো ব্যবহারের জন্য হস্তান্তর কিংবা বিক্রি করার আগে অবশ্যই ডি-রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ সংশ্লিষ্ট হ্যান্ডসেটটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে নিবন্ধন বাতিল বা অবমুক্ত করতে হবে।
ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে সিম কেনার সময় ব্যবহৃত পরিচয়পত্রের তথ্য প্রয়োজন হবে। এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা দিতে হবে বলে জানিয়েছে কমিশন।
ডি-রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিটিআরসির ওয়েবসাইট neir.btrc.gov.bd ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া বিটিআরসির কল সেন্টার ১০০ নম্বরে ফোন করে অথবা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকেও প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে।