বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিভিল এভিয়েশন) ড. হুমায়রা সুলতানাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে অতিরিক্ত দায়িত্বে নিয়োগ দিয়েছে সরকার। এর ফলে বিমানের ৫৪ বছরের ইতিহাসে তিনি প্রথম নারী এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পেলেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও […]
ছবি: সংগৃহীত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিভিল এভিয়েশন) ড. হুমায়রা সুলতানাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে অতিরিক্ত দায়িত্বে নিয়োগ দিয়েছে সরকার। এর ফলে বিমানের ৫৪ বছরের ইতিহাসে তিনি প্রথম নারী এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পেলেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ বিমান (১৯৭২ সালের বাংলাদেশ বিমান আদেশ বাতিল, পুনর্বহাল ও সংশোধন) আইন, ২০২৩’-এর ধারা ৩০(গ) অনুসারে ড. হুমায়রা সুলতানাকে অতিরিক্ত দায়িত্বে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন স্থায়ী এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
একই আদেশে বিমানের সাবেক এমডি ও সিইও ড. মো. সফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। তিনি শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দায়ের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এ কারণে বিমানের দক্ষ ও অব্যাহত ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসাম্মৎ শাকিলা পারভীন স্বাক্ষরিত এই আদেশে বিমানের কার্যক্রম সচল রাখার ওপর জোর দেওয়া হয়েছে।