স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে নাকি নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় সংসদই নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। মঙ্গলবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে একটি অধ্যাদেশ জারি করেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান জানতে […]
ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে নাকি নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় সংসদই নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
মঙ্গলবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে একটি অধ্যাদেশ জারি করেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান জানতে চাইলে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বিষয়টি মূলত নীতিগত সিদ্ধান্ত, যা জাতীয় সংসদ গ্রহণ করবে। সংসদ যেভাবে সিদ্ধান্ত দেবে, কমিশন সেই অনুযায়ী নির্বাচন আয়োজন করবে।
সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, বিদ্যমান আইন অনুযায়ী কোনো পর্ষদের মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হয়। আর যদি কোনো পর্ষদ ভেঙে দেওয়া হয়, তাহলে পরবর্তী ১৮০ দিনের মধ্যেই ভোট গ্রহণের বিধান রয়েছে।
তিনি আরও বলেন, সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে যে ধরনের নির্দেশনা দেবে, নির্বাচন কমিশন তার আলোকে প্রস্তুতি নেবে। কমিশনের প্রধান দায়িত্ব হচ্ছে নির্বাচন পরিচালনার সব ধরনের প্রশাসনিক ও কারিগরি ব্যবস্থা নিশ্চিত করা।
সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পর্কে এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার জানান, জাতীয় সংসদে দলগুলো তাদের অর্জিত সাধারণ আসনের আনুপাতিক হারে সংরক্ষিত নারী আসন পাবে।