ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। ভাষণ শুরু হওয়ার সময় সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর নেতৃত্বাধীন ১১ দলীয় বিরোধী জোট। বৃহস্পতিবার (১২ মার্চ) সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিতে সংসদে আসেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বক্তব্য শুরু করার আগেই বিরোধী জোটের সংসদ সদস্যরা সংসদের […]
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। ভাষণ শুরু হওয়ার সময় সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর নেতৃত্বাধীন ১১ দলীয় বিরোধী জোট।
বৃহস্পতিবার (১২ মার্চ) সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিতে সংসদে আসেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বক্তব্য শুরু করার আগেই বিরোধী জোটের সংসদ সদস্যরা সংসদের ভেতরে দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এ সময় অধিবেশনের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। কিন্তু রাষ্ট্রপতির ভাষণ শুরু হলে ডা. শফিকুর রহমান–এর নেতৃত্বে বিরোধী জোটের সংসদ সদস্যরা স্লোগান দিতে দিতে সংসদ কক্ষ ত্যাগ করেন।
ওয়াকআউটের সময় তাদের কণ্ঠে ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান শোনা যায়।
জানা গেছে, বর্তমান রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার বিষয়টি নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট। সেই অবস্থান থেকেই তারা এ প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
সংসদীয় রীতি অনুযায়ী, কোনো বিষয়ে প্রতিবাদ জানাতে বিরোধী দল বা কোনো সদস্য ইচ্ছাকৃতভাবে সংসদ কক্ষ ত্যাগ করলে তাকে ‘ওয়াকআউট’ বলা হয়। বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে অতীতেও বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে বিরোধী দলগুলোর এমন পদক্ষেপ দেখা গেছে।