বাংলাদেশের দেওয়া তথ্যের ভিত্তিতে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি বহনকারী ছয়টি জাহাজ চলাচলের নিরাপত্তা ছাড়পত্র দিয়েছে ইরান। তবে অনুমোদন পাওয়া জাহাজগুলোর মধ্যে পাঁচটির চালানই এরই মধ্যে আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বাতিল করেছে। পেট্রোবাংলা সূত্র জানায়, তেহরানে পাঠানো জাহাজের তালিকাটি প্রস্তুত করা হয়েছিল আগের পরিকল্পনা ও পুরোনো নথির ওপর ভিত্তি করে। এতে কাতারএনার্জি এবং ওমানের ওকিউ ট্রেডিংয়ের ঘোষিত […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশের দেওয়া তথ্যের ভিত্তিতে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি বহনকারী ছয়টি জাহাজ চলাচলের নিরাপত্তা ছাড়পত্র দিয়েছে ইরান। তবে অনুমোদন পাওয়া জাহাজগুলোর মধ্যে পাঁচটির চালানই এরই মধ্যে আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বাতিল করেছে।
পেট্রোবাংলা সূত্র জানায়, তেহরানে পাঠানো জাহাজের তালিকাটি প্রস্তুত করা হয়েছিল আগের পরিকল্পনা ও পুরোনো নথির ওপর ভিত্তি করে। এতে কাতারএনার্জি এবং ওমানের ওকিউ ট্রেডিংয়ের ঘোষিত ‘ফোর্স মেজর’ পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়নি। যুদ্ধ শুরুর পর মার্চের শুরুতেই এই দুই প্রতিষ্ঠান সব ধরনের সরবরাহ সাময়িকভাবে স্থগিত করে।
জ্বালানি বিভাগের পাঠানো তালিকায় এপ্রিল মাসের জন্য মোট পাঁচটি এলএনজি কার্গোর উল্লেখ ছিল। এর মধ্যে চারটি কাতারএনার্জির এবং একটি এক্সিলারেট এনার্জির বলে জানা গেছে।
তবে পেট্রোবাংলার চেয়ারম্যান আরফানুল হক নিশ্চিত করেছেন, এসব চালানের কোনোটি এখন আর কার্যকর নেই। তার ভাষ্য, সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো তাদের স্থগিতাদেশ অন্তত আগামী ৮ মে পর্যন্ত বাড়িয়েছে।
তিনি বলেন, যুদ্ধ শুরুর পর যেসব চালান বাতিল হয়ে গেছে, সেগুলোর জাহাজের তালিকা কীভাবে ইরানে পাঠানো হয়েছে, সে বিষয়ে তাদের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই।
আরফানুল হকের মতে, ‘ফোর্স মেজর’ বহাল থাকায় এপ্রিল মাসে কাতারএনার্জির কোনো এলএনজি কার্গো আসার সুযোগ নেই। ফলে তালিকায় থাকা কয়েকটি জাহাজ বাস্তবে কার্যকর নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক জ্বালানি বিভাগের এক কর্মকর্তা জানান, ফোর্স মেজর পরিস্থিতি কতদিন স্থায়ী হবে তা নিশ্চিত না থাকায় যুদ্ধ-পূর্ব আমদানি পরিকল্পনার ভিত্তিতেই ভুলবশত তথ্য পাঠানো হয়েছিল। তবে তিনি এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে চাননি।
এদিকে জ্বালানি বিভাগের যুগ্মসচিব (অপারেশন) মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, কিছু জাহাজ ফোর্স মেজরের আওতায় থাকলেও অপরিশোধিত তেলবাহী জাহাজটি এর বাইরে রয়েছে। এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে জাহাজগুলো আনার সম্ভাবনা খতিয়ে দেখতে পেট্রোবাংলাকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।