অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলো বিল আকারে সংসদে উপস্থাপনের সময় সংশ্লিষ্ট পুরোনো আইনগুলোর মুদ্রিত কপি সরবরাহ করতে গেলে প্রায় ১২ লাখ টাকা ব্যয় হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। এর মধ্যে শুধু কোড অব সিভিল প্রোসিডিউর (সিপিসি)-এর কপি দিতেই প্রায় ৭ লাখ টাকা লাগবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপনের পর পয়েন্ট অব অর্ডারে বক্তব্য […]
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলো বিল আকারে সংসদে উপস্থাপনের সময় সংশ্লিষ্ট পুরোনো আইনগুলোর মুদ্রিত কপি সরবরাহ করতে গেলে প্রায় ১২ লাখ টাকা ব্যয় হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। এর মধ্যে শুধু কোড অব সিভিল প্রোসিডিউর (সিপিসি)-এর কপি দিতেই প্রায় ৭ লাখ টাকা লাগবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপনের পর পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, সংশোধনী বিলের সঙ্গে পুরো আগের আইন সংযুক্ত করতে গেলে ব্যয় অনেক বেড়ে যাবে। এ কারণে সংশ্লিষ্ট আইনগুলো আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও বাংলাদেশ কোড থেকে দেখার প্রস্তাব করা হয়েছে।
তিনি আরও জানান, পূর্ণাঙ্গ বিল সংসদে উপস্থাপন করা হবে। পাশাপাশি সংশোধনের আগে ও পরে কী পরিবর্তন আসছে, তার একটি তুলনামূলক বিবরণও দেওয়া হবে, যাতে সদস্যদের জন্য বিষয়টি বোঝা সহজ হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, পুরো পুরোনো আইন না দিলেও সংশ্লিষ্ট ধারাগুলোর আগে ও পরের অবস্থার তুলনামূলক উপস্থাপন থাকলে তা সংসদ সদস্যদের জন্য সহায়ক হবে।
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, শুধু সংশোধনী প্রস্তাব থাকলে মূল আইনের সঙ্গে তুলনা করা কঠিন হয়ে পড়ে। মূল আইন সামনে না থাকলে পরিবর্তনের প্রকৃতি স্পষ্ট বোঝা যায় না।
জবাবে স্পিকার জানান, সংশোধিত ধারাগুলোর পরিবর্তন স্পষ্টভাবে উপস্থাপন করা হবে এবং প্রয়োজনে সংসদে তা ব্যাখ্যা করা হবে।