আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনায় নতুন করে উঠে এসেছে ভয়াবহ মানবিক বিপর্যয়ের তথ্য। জীবিত উদ্ধার হওয়া এক যাত্রীর বর্ণনায় জানা গেছে, সমুদ্রযাত্রার আগে থেকেই ট্রলারে থাকা বহু মানুষ শ্বাসকষ্টে ভুগছিলেন এবং ডুবে যাওয়ার আগেই অন্তত ৩০ জনের মৃত্যু হয় বলে তিনি দাবি করেছেন।সম্প্রতি বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে রফিকুল নামে ওই যাত্রীর ভয়াবহ অভিজ্ঞতার বিবরণ প্রকাশিত হয়। […]
প্রতীকী ছবি
আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনায় নতুন করে উঠে এসেছে ভয়াবহ মানবিক বিপর্যয়ের তথ্য। জীবিত উদ্ধার হওয়া এক যাত্রীর বর্ণনায় জানা গেছে, সমুদ্রযাত্রার আগে থেকেই ট্রলারে থাকা বহু মানুষ শ্বাসকষ্টে ভুগছিলেন এবং ডুবে যাওয়ার আগেই অন্তত ৩০ জনের মৃত্যু হয় বলে তিনি দাবি করেছেন।
সম্প্রতি বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে রফিকুল নামে ওই যাত্রীর ভয়াবহ অভিজ্ঞতার বিবরণ প্রকাশিত হয়। তাঁর ভাষায়, “চার দিন চার রাত ধরে সাগরে…আমাদের ঢুকিয়ে রেখেছিল স্টোর রুমে। সেখানে শ্বাস নেওয়ার মতো বাতাস ছিল না। ট্রলার ডোবার আগেই অন্তত ৩০ জন শ্বাসরোধে মারা যায়।”
রফিকুল জানান, গত ৪ এপ্রিল ছোট একটি মাছধরা নৌকায় তাদের যাত্রা শুরু হয়। নারী, শিশু, নাবিক ও পাচারকারীদেরসহ প্রায় ৩০০ জনকে গাদাগাদি করে ওই নৌকায় তোলা হয়েছিল। পরে মিয়ানমারের কাছাকাছি সাগরে পৌঁছালে যাত্রীদের আরেকটি বড় ট্রলারে স্থানান্তর করা হয়।
তাঁর ভাষ্য অনুযায়ী, টহল এড়াতে পাচারকারীরা যাত্রীদের মাছ ও জাল রাখার সংকীর্ণ স্টোর রুমে আটকে রাখে। সেখানে দীর্ঘ সময় ধরে পর্যাপ্ত বাতাস না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। রফিকুল বলেন, টানা চার দিন চার রাত তাদের এমন অমানবিক পরিস্থিতির মধ্যে থাকতে হয়েছে।
পরে উত্তাল সাগরে ট্রলারটি উল্টে গেলে অধিকাংশ যাত্রী পানিতে পড়ে যান। রফিকুলের দাবি, তখন ট্রলারে প্রায় ২৪০ জন ছিলেন, যাদের মধ্যে নারী ও শিশুও ছিল। পরে একটি বাংলাদেশি তেলবাহী জাহাজ সাগরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত যাত্রীবোঝাই ও প্রতিকূল আবহাওয়ার কারণে ট্রলারটি ডুবে যায়। জাতিসংঘের শরণার্থী সংস্থা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, এখনো প্রায় ২৫০ জন নিখোঁজ রয়েছেন।
এ ঘটনার পেছনে রোহিঙ্গা শরণার্থীদের দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা এবং জীবিকার সংকটকে বড় কারণ হিসেবে দেখছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। তাদের মতে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা থাইল্যান্ডে পৌঁছানোর আশায় অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে এই বিপজ্জনক সমুদ্রপথ বেছে নিচ্ছেন।
বর্তমানে কক্সবাজারে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে, যাদের অধিকাংশ ২০১৭ সালে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।
কক্সবাজারে ৫০০ পরিবারের ওপর ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির এক জরিপে দেখা গেছে, মাত্র ২ শতাংশ রোহিঙ্গা অভিভাবক তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। স্থানীয় জনগোষ্ঠীর ক্ষেত্রে এই হার ৮৪ শতাংশ। খাদ্য সহায়তা কমে মাথাপিছু মাসে মাত্র ৭ ডলারে নেমে আসায় বহু পরিবার চরম সংকটে পড়েছে। জরিপে আরও দেখা যায়, প্রায় ৬৯ শতাংশ পরিবারের শিশুরা স্কুল ছেড়ে দিয়েছে এবং অর্ধেকেরও বেশি শিশু শ্রমে জড়িয়ে পড়েছে।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, খাদ্য সহায়তা কমে যাওয়া, শিক্ষা ও কর্মসংস্থানের অভাব এবং অনিশ্চিত ভবিষ্যৎ রোহিঙ্গাদের জীবনকে আরও কঠিন করে তুলছে। এ অবস্থায় জরুরি সহায়তা বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।