যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভপোর্ট শহরে এক ভয়াবহ বন্দুক হামলায় ৮ শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। রোববার ভোরের দিকে গুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রিভপোর্ট পুলিশ বিভাগ। পুলিশ জানায়, হামলার স্থানটি বিস্তৃত এলাকায় ছড়িয়ে ছিল এবং একাধিক আবাসিক এলাকায় এর […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভপোর্ট শহরে এক ভয়াবহ বন্দুক হামলায় ৮ শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
রোববার ভোরের দিকে গুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রিভপোর্ট পুলিশ বিভাগ। পুলিশ জানায়, হামলার স্থানটি বিস্তৃত এলাকায় ছড়িয়ে ছিল এবং একাধিক আবাসিক এলাকায় এর প্রভাব পড়ে।
তদন্ত সূত্রে জানা গেছে, হামলার পর সন্দেহভাজন ব্যক্তি একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাকে গুলি করে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনী। এই অভিযান বোশিয়ার প্যারিশ পর্যন্ত গড়ায়। এ সময় কোনো পুলিশ সদস্য আহত হননি।
পুলিশ কর্মকর্তা ক্রিস্টোফার বোর্ডেলন জানান, নিহত শিশুদের কয়েকজন হামলাকারীর আত্মীয় হতে পারে। প্রাথমিকভাবে ঘটনাটিকে পারিবারিক বিরোধের জেরে সংঘটিত বলে ধারণা করা হচ্ছে, যদিও সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হয়নি।
শহরের মেয়র টম আর্কেনো এক সংবাদ সম্মেলনে বলেন, এটি শহরের ইতিহাসের অন্যতম মর্মান্তিক ঘটনা এবং পুরো সম্প্রদায়ের জন্য গভীর শোকের দিন।
এদিকে জেফ ল্যান্ড্রি ঘটনাটিতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকর্মীরা নিরলসভাবে কাজ করছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হচ্ছে।
ঘটনাটি যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ সহিংসতার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। তদন্ত এখনো চলছে এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।