দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তা আরও শক্তিশালী করতে সরকার ব্যাপক ও সমন্বিত পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সামগ্রিক নিরাপত্তা ইতোমধ্যে নিশ্চিত করা হলেও সেবার মান আরও উন্নত করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের […]
ছবি: সংগৃহীত
দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তা আরও শক্তিশালী করতে সরকার ব্যাপক ও সমন্বিত পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সামগ্রিক নিরাপত্তা ইতোমধ্যে নিশ্চিত করা হলেও সেবার মান আরও উন্নত করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বাংলাদেশ পুলিশ।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।
তিনি জানান, বিমানবন্দরের প্রবেশ ও প্রস্থান পথসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং পুরো এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে বহুস্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা চালু করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং বিমানবন্দর কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়ানো হয়েছে, যাতে তথ্য আদান-প্রদানের মাধ্যমে দ্রুত ও কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা যায়।
নজরদারি ব্যবস্থাও আধুনিক করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং চুরি-ছিনতাই প্রতিরোধে নজরদারি বাড়ানো হয়েছে। উন্নত প্রযুক্তির স্ক্যানিং ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে কোনো নিষিদ্ধ বস্তু বিমানবন্দরে প্রবেশ করতে না পারে।
মন্ত্রী আরও জানান, সন্ত্রাসবাদ মোকাবিলা, সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনায় বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে। পাশাপাশি আধুনিক ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম, ইমিগ্রেশন কাউন্টার বৃদ্ধি, উন্নত স্ক্যানিং মেশিন স্থাপন, জনবল বৃদ্ধি ও পুনর্বিন্যাস এবং বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে।
যাত্রীসেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করে তিনি বলেন, হয়রানি প্রতিরোধে কঠোর নজরদারি চালু রয়েছে এবং যাত্রীদের সহায়তার জন্য বিমানবন্দরে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।