মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধসংকট এবং হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও। ফলে ওয়াল স্ট্রিটের ঊর্ধ্বমুখী ধারা থেমে গেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জুন মাসের জন্য নির্ধারিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১১ দশমিক ১৮ ডলারে পৌঁছেছে। আর […]
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধসংকট এবং হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও। ফলে ওয়াল স্ট্রিটের ঊর্ধ্বমুখী ধারা থেমে গেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জুন মাসের জন্য নির্ধারিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১১ দশমিক ১৮ ডলারে পৌঁছেছে। আর জুলাই মাসের সরবরাহের জন্য তেলের দাম বেড়ে হয়েছে ১০৪ দশমিক ৩৩ ডলার।
বিশ্লেষকদের মতে, ফেব্রুয়ারির শেষ দিকে যেখানে তেলের দাম ছিল প্রায় ৭০ ডলার, সেখানে ধাপে ধাপে তা আবার ১১৯ ডলারের কাছাকাছি পৌঁছাচ্ছে। যুদ্ধ শুরুর সময় যে উচ্চমাত্রা দেখা গিয়েছিল, বর্তমান দাম তার কাছাকাছি অবস্থান করছে।
বাজার বিশেষজ্ঞদের ধারণা, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে অবরোধ শিথিলের যে প্রস্তাব ইরান দিয়েছে, যুক্তরাষ্ট্র তা গ্রহণ নাও করতে পারে। একই সঙ্গে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা সাময়িকভাবে স্থগিত রাখার কথাও জানিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও জ্বালানির দাম বেড়েছে। দেশটির অটোমোবাইল সংস্থা এএএ-এর তথ্য অনুযায়ী, গড় গ্যাসোলিনের দাম প্রতি গ্যালনে ৪ দশমিক ১৮ ডলারে পৌঁছেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ।