ইরান যুদ্ধকে ঘিরে বিশ্ববাজারে খনিজ তেলের দাম বাড়তে থাকায় এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোর মুদ্রাবাজারে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। বিশেষ করে তেল আমদানিনির্ভর দেশগুলোর মুদ্রার মান উল্লেখযোগ্যভাবে কমে গেছে। রয়টার্স প্রকাশিত এক জরিপে বলা হয়েছে, চলতি বছরে এশিয়ার উদীয়মান বাজারগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে ভারতীয় রুপি। ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত মার্কিন ডলারের […]
ছবি: সংগৃহীত
ইরান যুদ্ধকে ঘিরে বিশ্ববাজারে খনিজ তেলের দাম বাড়তে থাকায় এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোর মুদ্রাবাজারে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। বিশেষ করে তেল আমদানিনির্ভর দেশগুলোর মুদ্রার মান উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
রয়টার্স প্রকাশিত এক জরিপে বলা হয়েছে, চলতি বছরে এশিয়ার উদীয়মান বাজারগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে ভারতীয় রুপি। ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত মার্কিন ডলারের বিপরীতে রুপির মান ৬ শতাংশেরও বেশি কমেছে।
বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ শুরুর পর ভারতীয় শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা বিপুল পরিমাণ অর্থ তুলে নিয়েছেন। এখন পর্যন্ত ২০ বিলিয়ন ডলারের বেশি বিদেশি পুঁজি বাজার থেকে বেরিয়ে গেছে, যা গত বছরের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
ডিবিএস ব্যাংকের বিশ্লেষকেরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত না কমলে এবং বিদেশি বিনিয়োগ না ফিরলে রুপির পতন ঠেকানো কঠিন হবে। ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকেই রুপির ওপর এই চাপ বাড়তে শুরু করে।
অন্যদিকে, ইন্দোনেশিয়ার মুদ্রা রুপিয়াহও তীব্র সংকটে পড়েছে। চলতি সপ্তাহে প্রথমবারের মতো মার্কিন ডলারের বিপরীতে রুপিয়াহর বিনিময় হার ১৭ হাজার ৫০০ ছাড়িয়ে যায়। এটি দেশটির ইতিহাসে সর্বনিম্ন অবস্থান।
বিশ্লেষকেরা বলছেন, তেলের উচ্চমূল্য এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক দুর্বলতার কারণে ইন্দোনেশিয়ার ওপর চাপ আরও বেড়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক বাজারে হস্তক্ষেপ করলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারছে না।
তবে এশিয়ার সব মুদ্রার চিত্র এক নয়। দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ায় তাদের মুদ্রার ওপর চাপ কিছুটা কমেছে। একইভাবে সিঙ্গাপুর ডলার ও মালয়েশিয়ান রিঙ্গিত তুলনামূলক স্থিতিশীল রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে এশিয়ার তেল আমদানিনির্ভর অর্থনীতিগুলোর ওপর আরও বড় চাপ তৈরি হতে পারে।