যুক্তরাষ্ট্রে বহিষ্কার বা ডিপোর্টেশন সাময়িকভাবে স্থগিত রাখতে আবেদনকারী অভিবাসীদের জন্য বড় ধরনের ফি বৃদ্ধির প্রস্তাব দিয়েছে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। নতুন এই প্রস্তাব কার্যকর হলে আবেদন ফি প্রায় পাঁচ গুণ বেড়ে যাবে। আইসের প্রস্তাব অনুযায়ী, ডিপোর্টেশন স্থগিতের আবেদন করতে ব্যবহৃত ফর্ম আই-২৪৬ এর ফি বর্তমান ১৫৫ ডলার থেকে বাড়িয়ে ৭৫৫ ডলার করার পরিকল্পনা […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে বহিষ্কার বা ডিপোর্টেশন সাময়িকভাবে স্থগিত রাখতে আবেদনকারী অভিবাসীদের জন্য বড় ধরনের ফি বৃদ্ধির প্রস্তাব দিয়েছে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। নতুন এই প্রস্তাব কার্যকর হলে আবেদন ফি প্রায় পাঁচ গুণ বেড়ে যাবে।
আইসের প্রস্তাব অনুযায়ী, ডিপোর্টেশন স্থগিতের আবেদন করতে ব্যবহৃত ফর্ম আই-২৪৬ এর ফি বর্তমান ১৫৫ ডলার থেকে বাড়িয়ে ৭৫৫ ডলার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ এক ধাক্কায় ৬০০ ডলার বাড়তে পারে আবেদন ব্যয়, যা শতকরা প্রায় ৩৮৭ শতাংশ বেশি।
এই ফর্মের মাধ্যমে সাধারণত অভিবাসীরা বহিষ্কার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার আবেদন করেন। গুরুতর অসুস্থতা, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সন্তান, পারিবারিক জটিলতা কিংবা নিজ দেশে নিরাপত্তা ঝুঁকির মতো কারণ দেখিয়ে অনেকেই এই সুবিধা চেয়ে থাকেন।
গত ৭ মে এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রস্তাব প্রকাশ করে আইস। সংস্থাটির দাবি, নতুন এই পদক্ষেপের মাধ্যমে অভিবাসন সংক্রান্ত ব্যয় করদাতাদের ওপর চাপিয়ে না দিয়ে আবেদনকারীদের থেকেই আদায় করা হবে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের কঠোর সীমান্তনীতি বাস্তবায়নের অংশ হিসেবেও বিষয়টি দেখা হচ্ছে।
প্রস্তাবে বলা হয়েছে, অভিবাসন ব্যবস্থার বিভিন্ন প্রশাসনিক ব্যয় বহনের দায়িত্ব আবেদনকারীদের ওপরই থাকা উচিত। আইসের হিসাব অনুযায়ী, নতুন ফি চালু হলে বছরে অতিরিক্ত প্রায় ২২ লাখ ৫০ হাজার ডলার রাজস্ব আদায় সম্ভব হবে।
তবে মানবাধিকারকর্মী ও অভিবাসন আইনজীবীরা এই প্রস্তাবের সমালোচনা করেছেন। তাদের মতে, এত বড় অঙ্কের ফি বৃদ্ধি কার্যকর হলে নিম্নআয়ের বহু অভিবাসী ডিপোর্টেশন স্থগিতের আবেদন করার সুযোগ হারাবেন। বিশেষ করে যেসব পরিবার ইতোমধ্যে আইনি ব্যয় ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে, তাদের জন্য এটি আরও বড় চাপ হয়ে দাঁড়াবে।
যদিও আইস জানিয়েছে, বিশেষ পরিস্থিতিতে ফি মওকুফের সুযোগ রাখা হবে। তবে সেই সিদ্ধান্ত পুরোপুরি সংস্থাটির বিবেচনার ওপর নির্ভর করবে বলেও উল্লেখ করা হয়েছে।