আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রবাসী আয় প্রবাহে বড় উল্লম্ফন দেখা গেছে। চলতি মে মাসের প্রথম ১৯ দিনেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৯৩ কোটি টাকার সমান (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। দৈনিক গড়ে দেশে এসেছে ১৩ কোটিরও বেশি […]
ছবি: সংগৃহীত
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রবাসী আয় প্রবাহে বড় উল্লম্ফন দেখা গেছে। চলতি মে মাসের প্রথম ১৯ দিনেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৯৩ কোটি টাকার সমান (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। দৈনিক গড়ে দেশে এসেছে ১৩ কোটিরও বেশি ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় এবার প্রবাহ বেড়েছে প্রায় ৩৮ শতাংশ।
ব্যাংকসংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, কোরবানির ঈদ সামনে রেখে প্রবাসীরা পরিবারের খরচ, কোরবানির প্রস্তুতি ও অন্যান্য প্রয়োজন মেটাতে বেশি অর্থ পাঠাচ্ছেন। ফলে মে মাসজুড়ে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়তে পারে। বর্তমান ধারা অব্যাহত থাকলে ঈদের আগেই মাসিক রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
প্রবাসী আয় বাড়ায় দেশের ব্যাংকগুলোতে ডলারের সরবরাহও বেড়েছে। এর ফলে বৈদেশিক মুদ্রার বাজারে কিছুটা স্বস্তি তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকও নিয়মিত ডলার কিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার চেষ্টা করছে। বুধবারও কেন্দ্রীয় ব্যাংক চারটি ব্যাংক থেকে মোট সাত কোটি ডলার কিনেছে, যেখানে প্রতি ডলারের দাম ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।