যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বাড়ছে। এরই ধারাবাহিকতায় ফ্লোরিডায় খালাতো ভাইয়ের প্রেমিকা ও তার চার বছরের মেয়েকে হত্যার দায়ে দণ্ডিত এক আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্লোরিডা স্টেট প্রিজনে ৪৭ বছর বয়সী রিচার্ড নাইটের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে তাকে মৃত […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বাড়ছে। এরই ধারাবাহিকতায় ফ্লোরিডায় খালাতো ভাইয়ের প্রেমিকা ও তার চার বছরের মেয়েকে হত্যার দায়ে দণ্ডিত এক আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্লোরিডা স্টেট প্রিজনে ৪৭ বছর বয়সী রিচার্ড নাইটের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
আদালতের নথি অনুযায়ী, ২০০২ সালে ওডেসিয়া স্টিফেনস ও তার চার বছরের মেয়ে হ্যানেসিয়া মালিংসকে ছুরিকাঘাতে হত্যা করেন নাইট। পরে প্রথম-ডিগ্রি হত্যার দায়ে তার মৃত্যুদণ্ড হয়।
তদন্তে জানা যায়, সে সময় ফোর্ট লডারডেলের কাছে কোরাল স্প্রিংসে নিজের চাচাতো ভাইয়ের বাসায় থাকতেন নাইট। ওই বাসায় ভাইয়ের প্রেমিকা ওডেসিয়া স্টিফেনসের সঙ্গে প্রায়ই তার ঝগড়া হতো।
ঘটনার দিন স্টিফেনস তাকে বাসা ছেড়ে চলে যেতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রথমে স্টিফেনসকে ছুরিকাঘাত করেন নাইট। পরে চার বছরের শিশুকেও হত্যা করা হয় বলে আদালতে উল্লেখ করা হয়।
ফ্লোরিডা কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরে তিন ধরনের ওষুধ ব্যবহার করা হয়। প্রথমে অচেতন করার ওষুধ, এরপর পেশি নিষ্ক্রিয় করার ইনজেকশন এবং সবশেষে হৃদ্যন্ত্র বন্ধ করার ওষুধ প্রয়োগ করা হয়।
মৃত্যুদণ্ড কার্যকরের সময় আসামির শরীরে আইভি লাইন সংযুক্ত করা হয় এবং পুরো প্রক্রিয়া চিকিৎসকদের তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর ফ্লোরিডায় এটি সপ্তম মৃত্যুদণ্ড কার্যকর। আর ২০২৫ সালে অঙ্গরাজ্যটিতে মোট ১৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যা ১৯৭৬ সালে মৃত্যুদণ্ড পুনর্বহালের পর এক বছরে সর্বোচ্চ সংখ্যা।
বিশ্লেষকদের মতে, রিপাবলিকান গভর্নর রন ডিসান্টিসের আমলে ফ্লোরিডায় মৃত্যুদণ্ড কার্যকরের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি বছর পুরো যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৪৭টি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।