হরমুজ প্রণালি আবার চালু করা নিয়ে সম্ভাব্য জটিলতার জন্য বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সুইডেনের হেলসিংবর্গে ন্যাটো মিত্রদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। রুবিও বলেন, হরমুজ প্রণালিতে যদি গুলি চলে বা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, তাহলে যুক্তরাষ্ট্র ও তার অংশীদারদের জন্য বিকল্প পরিকল্পনা থাকা […]
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি আবার চালু করা নিয়ে সম্ভাব্য জটিলতার জন্য বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সুইডেনের হেলসিংবর্গে ন্যাটো মিত্রদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রুবিও বলেন, হরমুজ প্রণালিতে যদি গুলি চলে বা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, তাহলে যুক্তরাষ্ট্র ও তার অংশীদারদের জন্য বিকল্প পরিকল্পনা থাকা জরুরি। তার মতে, বাস্তব পরিস্থিতি সবসময় আদর্শ হবে না, তাই আগেভাগে প্রস্তুতি রাখতে হবে।
ইরান প্রসঙ্গ টেনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আদর্শ অবস্থায় তেহরান প্রণালিটি খুলে দেবে। তবে ইরান যদি তাতে রাজি না হয়, তাহলে কী করা হবে—সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে প্রস্তুত থাকতে হবে।
তিনি আরও জানান, এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট দেশগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হতে পারে। তবে হরমুজ ইস্যুতে ন্যাটোর সরাসরি ভূমিকা থাকবে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি।
চলমান কূটনৈতিক আলোচনার প্রসঙ্গেও রুবিও কথা বলেন। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের আলোচকরা কঠিন পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। কিছু অগ্রগতি হলেও এখনো কাঙ্ক্ষিত সমাধান পাওয়া যায়নি বলেও তিনি মন্তব্য করেন।
বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে রুবিওর এ মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপোড়েন চলতে থাকায় আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে।
সূত্র: আল জাজিরা