সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:১০ অপরাহ্ন, ২৫ মে ২০২৬

নবম পে-স্কেলে শিক্ষক-কর্মচারীদের বেতন কত বাড়তে পারে

সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল কার্যকরের প্রক্রিয়া এগোচ্ছে। নতুন এই স্কেলে মূল বেতন বা বেসিক ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর আলোচনা চলছে। পাশাপাশি ১১তম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মীদের ক্ষেত্রে বেসিক বেতন দ্বিগুণ, অর্থাৎ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথাও বিবেচনায় রয়েছে। এই কাঠামো বাস্তবায়িত হলে এর সুফল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নতুন প্রস্তাব […]

নবম পে-স্কেলে শিক্ষক-কর্মচারীদের বেতন কত বাড়তে পারে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল কার্যকরের প্রক্রিয়া এগোচ্ছে। নতুন এই স্কেলে মূল বেতন বা বেসিক ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর আলোচনা চলছে। পাশাপাশি ১১তম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মীদের ক্ষেত্রে বেসিক বেতন দ্বিগুণ, অর্থাৎ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথাও বিবেচনায় রয়েছে। এই কাঠামো বাস্তবায়িত হলে এর সুফল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

নতুন প্রস্তাব অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের বেতন কত হতে পারে, তার একটি সম্ভাব্য হিসাব সামনে এসেছে। সে অনুযায়ী বিভিন্ন পদের বর্তমান বেসিক এবং ৫০ শতাংশ বা ১০০ শতাংশ বৃদ্ধি হলে নতুন বেতনের চিত্রও আলোচনায় এসেছে।

অধ্যক্ষদের ক্ষেত্রে বর্তমান বেসিক ৫০ হাজার টাকা থেকে বেড়ে ৭৫ হাজার টাকা হতে পারে। সহকারী অধ্যাপকের বেসিক ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৫৩ হাজার ২৫০ টাকা, উপাধ্যক্ষ বা প্রধান শিক্ষকের বেসিক ২৯ হাজার টাকা থেকে ৪৩ হাজার ৫০০ টাকা এবং কলেজ প্রভাষকের বেসিক ২২ হাজার টাকা থেকে ৩৩ হাজার টাকা হতে পারে।

এছাড়া বিএডধারী সহকারী শিক্ষকের বর্তমান বেসিক ১৬ হাজার টাকা থেকে বেড়ে ২৪ হাজার টাকা হতে পারে। বিএডবিহীন সহকারী শিক্ষকদের ক্ষেত্রে ১২ হাজার ৫০০ টাকা থেকে বেসিক ১৮ হাজার ৭৫০ টাকা বা ২৫ হাজার টাকা পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। অফিস সহকারী বা কম্পিউটার অপারেটরের বেতন ৯ হাজার ৩০০ টাকা থেকে ১৩ হাজার ৯৫০ টাকা বা ১৮ হাজার ৬০০ টাকা হতে পারে। ল্যাব সহকারীদের ক্ষেত্রে ৮ হাজার ৮০০ টাকা থেকে ১৩ হাজার ২০০ টাকা বা ১৭ হাজার ৬০০ টাকা এবং অফিস সহায়ক বা নিরাপত্তাকর্মীদের ক্ষেত্রে ৮ হাজার ২৫০ টাকা থেকে ১২ হাজার ৩৭৫ টাকা বা ১৬ হাজার ৫০০ টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে।

দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের অভিযোগ জানিয়ে আসা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এই নতুন পে-স্কেল ঘিরে আশাবাদী হয়ে উঠেছেন। শিক্ষক নেতারা বলছেন, বর্তমান বাজারমূল্যে বিদ্যমান বেতনে পরিবার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের মহাসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “বর্তমান বাজার পরিস্থিতিতে বিদ্যমান বেতনে পরিবার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। আসন্ন বাজেটে সরকার বেতন বৃদ্ধির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে এবং সেখানে এমপিওভুক্ত শিক্ষকরাও যথাযথভাবে বিবেচিত হবেন বলে আমরা আশাবাদী।”

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিশেষ করে নিম্ন আয়ের শিক্ষক ও কর্মচারীদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এখনো চূড়ান্ত গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছেন দেশের কয়েক লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ