মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং তাদের মিত্র ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। পবিত্র হজ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, এই অঞ্চলের জাতি ও ভূখণ্ডগুলো আর মার্কিন ঘাঁটিগুলোর ঢাল হিসেবে ব্যবহৃত হবে না। ইসরায়েল প্রসঙ্গে খামেনি আরও কঠোর ভাষা ব্যবহার করেন। তিনি দাবি করেন, ‘ভঙ্গুর জায়নবাদী শাসনব্যবস্থা’ এবং […]
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং তাদের মিত্র ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। পবিত্র হজ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, এই অঞ্চলের জাতি ও ভূখণ্ডগুলো আর মার্কিন ঘাঁটিগুলোর ঢাল হিসেবে ব্যবহৃত হবে না।
ইসরায়েল প্রসঙ্গে খামেনি আরও কঠোর ভাষা ব্যবহার করেন। তিনি দাবি করেন, ‘ভঙ্গুর জায়নবাদী শাসনব্যবস্থা’ এবং ‘ইসরায়েল নামের ক্যান্সারাক্রান্ত টিউমার’ তাদের দুর্ভাগ্যজনক জীবনকালের শেষ পর্যায়ের কাছাকাছি পৌঁছে গেছে।
হজের বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা বলেন, অন্যায়-অপকর্ম এবং এই অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপনের জন্য আমেরিকার আর কোনো নিরাপদ আশ্রয় থাকবে না। তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘদিনের অবস্থান আরও স্পষ্টভাবে উঠে আসে।
এ সময় তিনি ‘সাহসী যোদ্ধা এবং আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনী’র ভূয়সী প্রশংসা করেন। খামেনির মতে, এই বাহিনী ‘মহান শয়তান অর্থাৎ আমেরিকা এবং তার দ্বারা লালিত পশু, জায়নবাদী শাসকগোষ্ঠীর’ বিরুদ্ধে আঘাত হেনেছে।
তিনি বলেন, এবারের হজে আরাফাতের ময়দানের আচার-অনুষ্ঠানের গুরুত্ব আরও বেশি। তার ভাষায়, হজের এই মৌসুমে এবং নির্ধারিত স্থানে আমেরিকা ও জায়নবাদী শাসকগোষ্ঠীকে ‘অস্বীকার বা বর্জনের’ গভীরতা ও ব্যাপকতা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি।
হজ-পরবর্তী পরিস্থিতি নিয়েও নিজের প্রত্যয় জানান ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, এই বরকতময় দিনগুলোর পর ‘আমেরিকা নিপাত যাক’ এবং ‘ইসরায়েল নিপাত যাক’—এই স্লোগান মুসলিম উম্মাহর প্রধান ও প্রচলিত স্লোগান হয়ে উঠবে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, ইরান-যুক্তরাষ্ট্র বিরোধ এবং ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে খামেনির এই বক্তব্য নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: ডন